যুদ্ধক্ষেত্রেও ব্যবহারের উপযোগী গেটাকের নতুন এআই ল্যাপটপ
সামরিক ও প্রতিরক্ষা খাতসহ কঠিন পরিবেশে ব্যবহারের উপযোগী দুটি নতুন এআই ল্যাপটপ এনেছে তাইওয়ানের প্রযুক্তিপ্রতিষ্ঠান গেটাক। ‘বি৩৬০এক্স’ ও ‘বি৩৬০এক্স প্রো’ মডেলের ল্যাপটপ দুটিতে ইন্টেলের নতুন কোর আলট্রা সিরিজ ৩ বা প্যান্থার লেক প্রসেসর রয়েছে। আগামী নভেম্বর থেকে বাজারে পাওয়া যাবে এগুলো। তবে দাম জানায়নি প্রতিষ্ঠানটি।
টেকরাডারের প্রতিবেদনে বলা হয়েছে, বি৩৬০এক্স প্রো তৈরি করা হয়েছে সামরিক ও প্রতিরক্ষা খাতের জন্য। অন্যদিকে, বি৩৬০এক্স ব্যবহার করা যাবে জননিরাপত্তা, বিদ্যুৎ ও শিল্প উৎপাদন খাতে।
ল্যাপটপ দুটিতে রয়েছে ১৪ ইঞ্চির ১৯২০×১২০০ রেজল্যুশনের টাচস্ক্রিন ডিসপ্লে, যার উজ্জ্বলতা ১ হাজার ৪০০ নিট। গ্লাভস পরে কিংবা বৃষ্টির মধ্যেও ডিসপ্লে ব্যবহার করা যাবে। প্রতিটির ওজন ২ দশমিক ৩৮ কেজি। এ ছাড়া রয়েছে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৬, থান্ডারবোল্ট ৪, টিপিএম ২.০ ও উইন্ডোজ হ্যালো সমর্থিত ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
এআই সক্ষমতা ও স্থায়িত্ব
গেটাকের দাবি, বি৩৬০এক্সের নির্দিষ্ট সংস্করণে সর্বোচ্চ ১৮০ টপস এআই কম্পিউটিং সক্ষমতা পাওয়া যাবে। তবে এ সুবিধা শুধু কোর আলট্রা এক্স৭ ৩৫৮এইচ প্রসেসরযুক্ত মডেলে রয়েছে। বি৩৬০এক্স প্রোতে এই প্রসেসর ব্যবহারের সুযোগ নেই।
ল্যাপটপ দুটিতে ৫০ টপস সক্ষমতার এনপিইউ রয়েছে, যা কোপাইলট প্লাস পিসির জন্য মাইক্রোসফটের নির্ধারিত ৪০ টপসের শর্ত পূরণ করে। বি৩৬০এক্স প্রোতে বাড়তি সুবিধা হিসেবে এনভিডিয়ার ব্ল্যাকওয়েল স্থাপত্যের আরটিএক্স প্রো ৫০০ জিপিইউ ব্যবহারের সুযোগ রয়েছে।
সামরিক ব্যবহারের উপযোগিতা নিশ্চিত করতে ল্যাপটপ দুটি মিল-এসটিডি-৮১০এইচ ও মিল-এসটিডি-৪৬১জি মান পূরণ করে। রয়েছে আইপি৬৬ সুরক্ষা এবং ছয় ফুট উচ্চতা থেকে পড়ে গেলেও সচল থাকার সক্ষমতা। বাড়তি স্টোরেজের জন্য দ্বিতীয় এসএসডিও যুক্ত করা যাবে।
তবে গেটাক এখনো ল্যাপটপ দুটির কার্যক্ষমতা নিয়ে কোনো বেঞ্চমার্ক প্রকাশ করেনি।