স্যামসাং টিভিতে ব্যবহারকারীর গোপনীয়তা নিয়ে নতুন উদ্বেগ
নিজস্ব মাইক্রোফোন না থাকলেও সংযুক্ত সাউন্ডবার বা ব্লুটুথ ডিভাইসের মাইক্রোফোন ব্যবহার করে ব্যবহারকারীদের কথাবার্তা শুনতে পারে স্যামসাংয়ের স্মার্ট টিভি। এমনকি ইউটিউবে ব্যবহারকারীরা কী করছেন এবং কোন বিজ্ঞাপন এড়িয়ে যাচ্ছেন, সেই তথ্যও নথিবদ্ধ করতে পারে টিভি। সাইবার নিরাপত্তাবিষয়ক এক গবেষকের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়েছে, ‘@লগফোরজে’ নামের এক সাইবার নিরাপত্তা গবেষক নিজের ২০২৫ সালের মডেলের স্যামসাং স্মার্ট টিভিতে প্রশাসনিক পর্যায়ের রুট অ্যাকসেস নিয়ে এসব তথ্য পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধারাবাহিক কয়েকটি পোস্টে নিজের অনুসন্ধানের ফলাফল তুলে ধরেছেন তিনি।
গবেষকের দাবি, মাইক্রোফোন না থাকা স্যামসাং টিভিগুলো মাইক্রোফোনযুক্ত সংযুক্ত ডিভাইস খুঁজে দেখতে পারে। এরপর সাউন্ডবার বা অন্য ব্লুটুথ ডিভাইস থেকে পাওয়া অডিও তথ্য ব্যবহার করতে পারে টিভি। নিজের অনুসন্ধানের ফলাফল জানিয়ে বিষয়টিকে ‘অত্যন্ত কৌশলী ও উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন তিনি।
গবেষক জানান, টিভিতে অস্বাভাবিকভাবে নির্দিষ্ট কিছু বিজ্ঞাপন দেখার পর বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেন তিনি। এ সময় টিভির সিস্টেমে কুকুরের ঘেউ ঘেউ ও শিশুর কান্নার মতো শব্দ শনাক্তের তথ্য দেখতে পান। এসব তথ্য ‘EV201/SOUNDSENSOR_ON’ নামের একটি ইভেন্টের অধীনে নথিবদ্ধ হচ্ছিল।
স্যামসাংয়ের ২০২৫ সালের ভিশন এআই টিভিতে কুকুরের ঘেউ ঘেউ ও শিশুর কান্না শনাক্ত করে স্মার্টথিংস অ্যাপের মাধ্যমে সতর্কবার্তা পাঠানোর সুবিধা রয়েছে। তবে এসব শব্দের তথ্য স্যামসাংয়ের কাছে পাঠানো হয় কি না, সে বিষয়ে প্রতিষ্ঠানটি প্রকাশ্যে কিছু জানায়নি বলে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নোটবুকচেক।
গবেষকের অনুসন্ধানে আরও উঠে এসেছে, স্যামসাং টিভি নির্দিষ্ট কিছু অ্যাপ ব্যবহারের কার্যক্রমও পর্যবেক্ষণ করতে পারে। উদাহরণ হিসেবে ইউটিউব অ্যাপে ব্যবহারকারীর কার্যক্রম এবং এড়িয়ে যাওয়া বিজ্ঞাপনের তথ্য নথিবদ্ধ করার কথা জানিয়েছেন তিনি।
এ বিষয়ে স্যামসাংয়ের বক্তব্য জানতে যোগাযোগ করেছে ম্যাশেবল। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত প্রতিষ্ঠানটির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্মার্ট টিভির মাধ্যমে ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ অবশ্য শুধু স্যামসাংয়ের বিরুদ্ধে নয়। গত মাসে এলজির টিভি ব্যবহারকারীদের অজান্তে ভিডিও ধারণ করছে বলে অভিযোগ তুলেছিল প্রযুক্তিবিষয়ক ইউটিউব চ্যানেল গেমার্স নেক্সাস। টিভি বন্ধ থাকা অবস্থাতেও এমন ঘটনা ঘটার দাবি করা হয়েছিল। পরে এলজি অভিযোগগুলোর কিছু অস্বীকার করলেও সব দাবি নাকচ করেনি বলে জানিয়েছে ম্যাশেবল।