বিশ্বজুড়ে এআই সার্চে বিজ্ঞাপন চালু করছে গুগল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৫

বিশ্বজুড়ে এআই সার্চে বিজ্ঞাপন চালু করছে গুগল

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) সার্চ সুবিধায় এবার আন্তর্জাতিক বাজারেও বিজ্ঞাপন দেখা যাবে। মূল সার্চ বিজ্ঞাপন থেকে আয় বৃদ্ধির গতি কমে আসায় নতুন এই উদ্যোগের মাধ্যমে বিজ্ঞাপন ব্যবসার আয় বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৮ অক্টোবর) অ্যালফাবেটের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের সময় এ ঘোষণা দেন গুগলের প্রধান ব্যবসা কর্মকর্তা ফিলিপ শিন্ডলার। টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে অ্যালফাবেটের আয় হয়েছে ১২ হাজার ৭৬০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি। তবে আর্থিক ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৮ শতাংশ কমে যায়।

তৃতীয় প্রান্তিকে গুগলের সার্চ বিজ্ঞাপন থেকে আয় গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল ১৭ শতাংশ এবং প্রথম প্রান্তিকে ১৯ শতাংশ। ফলে এআই সুবিধাকে বিজ্ঞাপন আয়ের নতুন উৎস হিসেবে প্রতিষ্ঠা করার চাপ বাড়ছে গুগলের ওপর।

ফিলিপ শিন্ডলার জানান, এআই ওভারভিউ ও এআই মোডে আরও বেশি ব্যবহারকারী এবং সার্চের ক্ষেত্রে বিজ্ঞাপন সম্প্রসারণ করা হচ্ছে। প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারেও এআই মোডে বিজ্ঞাপন চালু হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে এআই মোডে একাধিক ধাপে কথোপকথনভিত্তিক বিজ্ঞাপনও চালু করা হচ্ছে।

গুগলের দাবি, প্রাথমিক পরীক্ষায় নতুন বিজ্ঞাপনব্যবস্থা ইতিবাচক ফল দিচ্ছে। শিন্ডলারের ভাষ্য অনুযায়ী, এআই মোডে স্পনসর করা পণ্যের তালিকায় ক্লিকের হার সাধারণ সার্চ ফলাফলের সমপর্যায়ে রয়েছে। ব্যবহারকারীরাও এসব বিজ্ঞাপনকে প্রাসঙ্গিক বলে মনে করছেন।

এর আগে গত মে মাসে গুগল জেমিনিনির্ভর নতুন বিজ্ঞাপনব্যবস্থার ঘোষণা দিয়েছিল। এর মধ্যে রয়েছে কথোপকথনভিত্তিক বিজ্ঞাপন, যা ব্যবহারকারীর প্রশ্নের ভিত্তিতে পণ্য খুঁজে পেতে সহায়তা করে। এ ছাড়া এআইয়ের তৈরি উত্তরের মধ্যে স্পনসর করা পণ্যের সুপারিশও দেখানো হয়।

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানান, গত পাঁচ বছরের মধ্যে তৃতীয় প্রান্তিকে সার্চের ব্যবহার সবচেয়ে দ্রুত বেড়েছে। তবে প্রবৃদ্ধির সুনির্দিষ্ট হার প্রকাশ করেননি তিনি। পিচাইয়ের মতে, এআই সুবিধার কারণে মানুষ এখন আরও দীর্ঘ ও জটিল প্রশ্নের মাধ্যমে সার্চ করছেন।

পিচাই জানান, গুগলের এআই মোডে করা সার্চের প্রশ্নগুলো প্রচলিত সার্চের তুলনায় গড়ে তিন গুণ দীর্ঘ। বিশ্বজুড়ে এআই মোডে প্রতি পাঁচটি সার্চের একটি করা হয় কণ্ঠস্বর, ছবি বা নথি ব্যবহার করে। এ ছাড়া গুগলে প্রতি মাসে ভিজ্যুয়াল সার্চের সংখ্যা ৫ হাজার কোটির বেশি।

তৃতীয় প্রান্তিকে গুগল সার্ভিসেস বিভাগের আয় হয়েছে ৯ হাজার ৬৩০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। এই বিভাগের আওতায় রয়েছে সার্চসহ গুগলের বিভিন্ন সেবা। অন্যদিকে গুগল ক্লাউডের আয় ১০৩ শতাংশ বেড়ে ৩ হাজার ৭০ কোটি ডলারে পৌঁছেছে।

সম্প্রতি জেমিনি ৪ আর্গন মডেল প্রকাশ, জেমিনি অ্যাপের মাসিক ব্যবহারকারী ১০০ কোটিতে উন্নীত হওয়া এবং পিক্সেল ১১ সিরিজের ফোন উন্মোচনসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে গুগল।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন