অ্যাপলের নতুন পণ্য উন্মোচনের আয়োজন আজ
স্মার্ট হোম প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে আজ ১৩ অক্টোবর নতুন পণ্য উন্মোচনের আয়োজন করছে অ্যাপল। ‘ওয়েলকাম হোম’ নামের এ আয়োজনে পর্দাযুক্ত স্মার্ট হোম ডিভাইস হোমভিউ, নতুন হোমপড মিনি ও অ্যাপল টিভি ৪কে উন্মোচন করা হতে পারে। তবে অনুষ্ঠান এখনো শুরু হয়নি। এ ছাড়া অক্টোবরের শেষ দিকে আইপ্যাড মিনি ও নতুন ম্যাকবুক প্রো উন্মোচনেরও গুঞ্জন রয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে আইফোন ১৮ সিরিজ, অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং নতুন এয়ারপডস উন্মোচনের পর এবার ঘরের প্রযুক্তিপণ্যে মনোযোগ দিচ্ছে অ্যাপল। ‘ওয়েলকাম হোম’ নামের অনুষ্ঠানটি অ্যাপল পার্কে ধারণ করা ভিডিওর মাধ্যমে সম্প্রচার করার কথা। ইউটিউব, অ্যাপল টিভি অ্যাপ ও অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটে এটি দেখা যাবে।
আসতে পারে হোমভিউ স্মার্ট হোম ডিভাইস
অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত সম্ভাব্য পণ্য হোমভিউ। এটি পর্দাযুক্ত স্মার্ট হোম ডিভাইস, যা ঘরের বিভিন্ন স্মার্ট যন্ত্র নিয়ন্ত্রণের কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। গুঞ্জন অনুযায়ী, এর একটি সংস্করণ হোমপডের মতো স্পিকারের ওপর পর্দা যুক্ত নকশায় আসতে পারে। দেয়ালে লাগানোর উপযোগী আরেকটি সংস্করণও তৈরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
হোমভিউতে বিজ্ঞপ্তি, ক্যালেন্ডার ও দৈনন্দিন প্রয়োজনীয় তথ্য দেখার পাশাপাশি ভিডিও কল করার সুবিধা থাকতে পারে। এতে ক্যামেরা থাকবে এবং কণ্ঠনির্ভর সিরির মাধ্যমে বেশির ভাগ কাজ করা যাবে। তবে এটি সাধারণ ট্যাবলেটের মতো হবে না। এতে সীমিত কিছু অ্যাপ থাকবে এবং অ্যাপ স্টোর ব্যবহারের সুযোগ থাকবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন হোমপড মিনি ও অ্যাপল টিভি
হোমপড মিনির নতুন সংস্করণও আজ উন্মোচন করা হতে পারে। এতে উন্নত চিপের পাশাপাশি সিরির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নীল, কালো ও সাদা রঙের পাশাপাশি নতুন সংস্করণে পাউডার পিংক ও ফরেস্ট গ্রিন রং থাকতে পারে। চারটি স্পিকার একসঙ্গে ব্যবহার করে চারপাশের শব্দ শোনার সুবিধা এবং ‘পার্টি মোড’ নামের নতুন ব্যবস্থাও যুক্ত হতে পারে।

অ্যাপল টিভি ৪কেও নতুন চিপ দিয়ে হালনাগাদ করা হতে পারে। এতে এ১৯ বা এ১৯ প্রো চিপ এবং ৮ বা ১২ গিগাবাইট মেমোরি থাকার গুঞ্জন রয়েছে। সিরির সঙ্গে সরাসরি কথা বলার জন্য যন্ত্রটিতে মাইক্রোফোন যুক্ত হতে পারে। তবে এর নকশায় বড় পরিবর্তনের প্রত্যাশা করা হচ্ছে না।

অক্টোবরের শেষ দিকে আইপ্যাড ও ম্যাক
১৩ অক্টোবরের অনুষ্ঠানের বাইরে অক্টোবরের শেষ দিকে আরও একটি আয়োজন করতে পারে অ্যাপল। সেখানে অষ্টম প্রজন্মের আইপ্যাড মিনি, এম৬ চিপযুক্ত ম্যাকবুক প্রো ও ২৪ ইঞ্চি আইম্যাক উন্মোচনের সম্ভাবনা রয়েছে।
নতুন আইপ্যাড মিনিতে ৮ দশমিক ৪ ইঞ্চির উন্নত পর্দা ও নতুন চিপ থাকতে পারে। অন্যদিকে, এম৬ ম্যাকবুক প্রো ও আইম্যাকে মূলত কর্মক্ষমতা বাড়ানোর জন্য চিপ হালনাগাদ করা হতে পারে। নকশায় বড় পরিবর্তনের গুঞ্জন নেই।

এ ছাড়া স্পর্শনির্ভর ওএলইডি পর্দার নতুন ম্যাকবুক প্রো নিয়েও আলোচনা চলছে। এ ধরনের পর্দা উন্নত রং ও ছবির মান দিতে পারে এবং বিদ্যুৎ খরচ কমাতে সহায়তা করতে পারে। তবে পণ্যটি অক্টোবরেই ঘোষণা করা হবে, নাকি ২০২৭ সালে আসবে, তা এখনো নিশ্চিত নয়।