বাংলাদেশ এক্সপোর্ট ডটকমের পরীক্ষামূলক যাত্রা শুরু
বাংলাদেশি প্রস্তুতকারক, রপ্তানিকারক ও আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে যোগাযোগ সহজ করতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ‘বাংলাদেশ এক্সপোর্ট ডটকম’। প্ল্যাটফর্মটিতে প্রায় ২১ হাজার সরবরাহকারী-প্রোফাইল এবং ৪ হাজার ৯০০-এর বেশি পণ্যের তালিকা রয়েছে।
ক্রেতারা বিনা মূল্যে নিবন্ধন করে পণ্য ও সরবরাহকারী খুঁজতে এবং নিজেদের চাহিদা অনুযায়ী মূল্যপ্রস্তাব চাইতে পারবেন। সরবরাহকারীদের জন্যও বিনা মূল্যের নিয়মিত সদস্যপদ রয়েছে। পাশাপাশি ঐচ্ছিক অতিরিক্ত সুবিধার সদস্যপদ নেওয়ার সুযোগ আছে। এখানে সরাসরি পণ্য কেনাবেচার ব্যবস্থা নেই। ক্রেতা ও বিক্রেতার যোগাযোগ এবং ব্যবসায়িক অনুসন্ধানই প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য।
পণ্যের তালিকায় পোশাক, বস্ত্র, পাটজাত পণ্য, চামড়া ও জুতা, ওষুধ, খাদ্য, কৃষি ও সামুদ্রিক পণ্য, হস্তশিল্প, ইলেকট্রনিকস, যন্ত্রপাতি, প্যাকেজিং এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাত রয়েছে। এ ছাড়া ব্যবসায়িক সংগঠন ও চেম্বার, স্টার্টআপ, বিনিয়োগ, রপ্তানি প্রক্রিয়া, আইন-বিধি, বাণিজ্য চুক্তি ও সরকারি প্রকাশনা সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
প্ল্যাটফর্মে রপ্তানি পরিসংখ্যান, বাজার ও পণ্যভিত্তিক তথ্য এবং এইচএস কোডের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ ট্রেড পোর্টাল ও বাংলাদেশ ব্যাংকসহ সরকারি সূত্রের লিংকও রয়েছে।
পরীক্ষামূলক পর্যায়ে ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে তথ্যের যথার্থতা, সরবরাহকারী-প্রোফাইল ও অনুসন্ধানব্যবস্থা উন্নত করার লক্ষ্য রয়েছে। প্ল্যাটফর্মে দেওয়া আইন, বিনিয়োগ ও বাণিজ্যসংক্রান্ত তথ্য প্রাথমিক নির্দেশনা হিসেবে বিবেচনা করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সর্বশেষ নথি যাচাই করা প্রয়োজন।