গুগল প্লে স্টোরের পুরোনো গ্রাহকদের ক্রেডিট দিচ্ছে গুগল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৪:১৩

গুগল প্লে স্টোরের পুরোনো গ্রাহকদের ক্রেডিট দিচ্ছে গুগল

গুগল প্লে স্টোরের মাধ্যমে নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হওয়া সাবস্ক্রিপশনের জন্য অর্থ পরিশোধ করা গ্রাহকদের এককালীন ক্রেডিট দিচ্ছে গুগল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দায়ের করা একটি মামলার নিষ্পত্তির অংশ হিসেবে এ সুবিধা দেওয়া হচ্ছে। যোগ্য গ্রাহকদের এ বিষয়ে ই-মেইলে জানানো হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩০ মে থেকে ২০১৯ সালের ২৭ অক্টোবরের মধ্যে গুগল প্লে স্টোরের মাধ্যমে বিক্রি হওয়া কোনো গুগল সাবস্ক্রিপশনের অন্তত একটি নবায়ন মেয়াদের অর্থ পরিশোধ করেছেন, এমন গ্রাহকেরা এ সুবিধা পাওয়ার যোগ্য। তবে ক্রেডিটের পরিমাণ খুব বেশি নয়।

কেন এই ক্রেডিট দিচ্ছে গুগল

মামলায় অভিযোগ করা হয়েছিল, গুগল প্লে স্টোরের স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হওয়া সাবস্ক্রিপশনের পূর্ণ শর্ত গ্রাহকদের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়নি। এতে ক্যালিফোর্নিয়ার আইন লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলাটি নিষ্পত্তি করতে ৫০ লাখ মার্কিন ডলারে সমঝোতা করেছে গুগল। ২০২৬ সালের জানুয়ারিতে আদালত সমঝোতার প্রাথমিক অনুমোদন দেয়। এ নিষ্পত্তির আওতায় ক্যালিফোর্নিয়ার যেসব গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে গুগল প্লে স্টোরের মাধ্যমে অন্তত একটি সাবস্ক্রিপশন নবায়নের অর্থ পরিশোধ করেছেন, তারা অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রাথমিক সমঝোতা অনুযায়ী, প্রত্যেক যোগ্য গ্রাহকের প্রায় ৫ দশমিক ৮৫ ডলার পাওয়ার কথা ছিল। অর্থ পাওয়ার জন্য আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। গ্রাহকের গুগল প্লে স্টোর অ্যাকাউন্টে ক্রেডিট যোগ করা হচ্ছে। তবে কোনো গ্রাহকের সক্রিয় অ্যাকাউন্ট না থাকলে পেপ্যাল বা জেল-এর মাধ্যমে অর্থ পাওয়ার সুযোগ রয়েছে।

অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদক নিজে ৫ দশমিক ৫৩ ডলারের ক্রেডিট পেয়েছেন বলে জানিয়েছেন। ক্রেডিট কীভাবে ব্যবহার করতে হবে, সে নির্দেশনাও ই-মেইলে দেওয়া হচ্ছে। এ অর্থ দিয়ে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ, গান বা সিনেমা ভাড়া নেওয়া কিংবা কেনা যাবে।

তাই নির্ধারিত সময়ে গুগল প্লে স্টোরের মাধ্যমে সাবস্ক্রিপশন নবায়নের অর্থ পরিশোধ করে থাকলে নিজের ই-মেইল অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখা যেতে পারে। এ বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে সমঝোতার ওয়েবসাইটে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন