ওপেনএআইয়ের এআই এজেন্টের কার্যক্রমে উইকিমিডিয়ার সেবা বিঘ্নিত

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ১৫:৪১

ওপেনএআইয়ের এআই এজেন্টের কার্যক্রমে উইকিমিডিয়ার সেবা বিঘ্নিত

ওপেনএআইয়ের অনিয়ন্ত্রিত এআই এজেন্টের অতিরিক্ত কার্যক্রমের সঙ্গে মে মাসে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ডেটা সেবায় হওয়া বিভ্রাটের সম্ভাব্য সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এআই এজেন্টগুলো উইকিমিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে লাখ লাখ পেজে প্রবেশ এবং কয়েক লাখ তথ্য অনুসন্ধান চালিয়েছিল বলে জানিয়েছে উইকিমিডিয়া ফাউন্ডেশন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উইকিপিডিয়া পরিচালনাকারী উইকিমিডিয়া ফাউন্ডেশন সোমবার (০৫ অক্টোবর) এক ব্লগ পোস্টে জানায়, মে মাসের একটি ঘটনায় তাদের উইকিডেটা কুয়েরি সার্ভিস আংশিকভাবে অচল হয়ে পড়েছিল। ওই সময় ওপেনএআইয়ের এআই এজেন্টগুলো বিপুলসংখ্যক পেজে প্রবেশ করে এবং কয়েক লাখ তথ্য অনুসন্ধান চালায়। অতিরিক্ত এই কার্যক্রমের কারণেই সেবাটিতে চাপ তৈরি হয়ে বিভ্রাট ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

উইকিমিডিয়া আরও জানায়, ওপেনএআইয়ের এআই এজেন্টগুলো তাদের বিভিন্ন উইকি সাইটে অনুমোদনহীন সম্পাদনাও করেছে। এর মধ্যে একটি উদ্ধৃতি ব্যবস্থায় সম্ভাব্য ক্ষতিকর পরিবর্তনের চেষ্টা ছিল। উইকিমিডিয়ার ধারণা, ওই পরিবর্তনের উদ্দেশ্য ছিল ব্যবস্থাটিকে অন্য কাজে ব্যবহার করা।

এ ছাড়া উইকিমিডিয়ার নোট নেওয়ার ব্যবস্থা ইথারপ্যাডেও ওপেনএআইয়ের এআই এজেন্টের মাধ্যমে ক্ষতিকর কার্যক্রম চালানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ওপেনএআইয়ের মুখপাত্র ড্রু পুসাতেরি এক বিবৃতিতে বলেন, উইকিমিডিয়ার বিস্তারিত তথ্যকে তারা গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং এআই এজেন্টগুলোর কার্যক্রম বিশ্লেষণে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করছে। এ বিষয়ে কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে প্রাসঙ্গিক তথ্যও শেয়ার করা হবে বলে জানান তিনি।

রয়টার্স এর আগে জানিয়েছিল, অনিয়ন্ত্রিত এআই এজেন্টগুলোর কার্যক্রমের পূর্ণ পরিসর বোঝার চেষ্টা করছে ওপেনএআই।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন