বিশ্ব মহাকাশ সপ্তাহে গুগলের ডুডলে মহাকাশের দুর্লভ ছবি
বিশ্ব মহাকাশ সপ্তাহ উপলক্ষে ক্যারিনা নীহারিকার ছবি দিয়ে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। ছবিটি ধারণ করেছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যা মহাকাশের দৃশ্যমান আলোর বাইরেও নানা তথ্য তুলে ধরতে পারে।
ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়েছে, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ গত আগস্টে ক্যারিনা নীহারিকার ছবিটি ধারণ করে। পৃথিবী থেকে প্রায় ৭ হাজার ৫০০ আলোকবর্ষ দূরে থাকা এই নীহারিকা দক্ষিণ আকাশের ক্যারিনা নক্ষত্রমণ্ডলে অবস্থিত। এর বিস্তৃতি ৩০০ আলোকবর্ষেরও বেশি।
ক্যারিনা নীহারিকা মূলত নতুন নক্ষত্র তৈরির একটি বিশাল অঞ্চল। এখানে প্রায় এক ডজন ও-টাইপ নক্ষত্র রয়েছে, যেগুলো পরিচিত নক্ষত্রগুলোর মধ্যে সবচেয়ে উত্তপ্ত, ভারী ও উজ্জ্বলগুলোর অন্যতম।
নীহারিকার চারপাশের ধুলোর স্তর সাধারণ আলোকদৃশ্যমান টেলিস্কোপে এর অনেক সূক্ষ্ম কাঠামো আড়াল করে রাখে। তবে জেমস ওয়েব টেলিস্কোপের অবলোহিত পর্যবেক্ষণের মাধ্যমে সেখানে থাকা গ্যাসের বিভিন্ন কাঠামো স্পষ্টভাবে দেখা যায়। নক্ষত্রগুলোর বিকিরণ ও নাক্ষত্রিক বায়ু আশপাশের গ্যাসে নানা গহ্বর ও স্তম্ভের মতো কাঠামো তৈরি করেছে।

২০২২ সালে জেমস ওয়েবের প্রকাশিত প্রথম পূর্ণ রঙের ছবিগুলোর মধ্যে ক্যারিনা নীহারিকার একই অঞ্চলের একটি অংশের ছবিও ছিল। ওই ছবির দৃশ্যটি ‘কসমিক ক্লিফস’ নামে পরিচিতি পেয়েছে।
প্রতি বছর ৪ থেকে ১০ অক্টোবর বিশ্ব মহাকাশ সপ্তাহ পালিত হয়। ১৯৫৭ সালের ৪ অক্টোবর সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক-১ উৎক্ষেপণ এবং ১৯৬৭ সালের ১০ অক্টোবর মহাকাশ চুক্তি কার্যকর হওয়ার দিনকে স্মরণ করে জাতিসংঘ ১৯৯৯ সালে এ সপ্তাহ পালনের ঘোষণা দেয়। এ উপলক্ষে বিভিন্ন দেশে স্কুল ও মানমন্দিরে মহাকাশবিষয়ক কর্মশালাসহ নানা আয়োজন করা হয়।