মানুষের শ্রমের বিকল্প রোবট হলে সমান হারে করের প্রস্তাব বিল গেটসের

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ১৩:০৯

মানুষের শ্রমের বিকল্প রোবট হলে সমান হারে করের প্রস্তাব বিল গেটসের

এআই ও রোবট মানুষের শ্রমের বিকল্প হলে তাদের কাজের ওপর মানুষের শ্রমের মতোই কর আরোপের প্রস্তাব দিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। ২০১৭ সালে প্রথম রোবট করের প্রস্তাব দেওয়ার প্রায় নয় বছর পর আবারও একই অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নিউইয়র্ক টাইমসের সাংবাদিক এজরা ক্লাইনের সঙ্গে এক সাক্ষাৎকারে গেটস বলেন, ‘কাজটি মানুষ করুক বা রোবট, শ্রমের প্রতিটি এককের জন্য একই হারে কর আরোপ করা উচিত। এতে চাকরি হারানো মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারের করের আয়ও বজায় রাখা সম্ভব হবে।’

গেটস যুক্তরাষ্ট্রের ফেডারেল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশনস অ্যাক্ট বা ফিকা করব্যবস্থার উদাহরণ দিয়ে বলেন, মানুষের বদলে রোবট একই ধরনের শ্রম দিলে তার ক্ষেত্রেও একই হারে কর দিতে হবে। এই অর্থ কর্মীদের নতুন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তাব্যবস্থায় ব্যবহার করা যেতে পারে।

এআই দিয়ে কাজ করালে খরচ কম হবে, শুধু এই কারণে সমাজকে মানুষের বদলে এআই ব্যবহারের সিদ্ধান্ত নিতে হবে না বলেও মন্তব্য করেন গেটস। তার মতে, রোবটের ওপর কর আরোপ করলে চাকরি হারানো মানুষের সহায়তার পাশাপাশি সরকারের রাজস্বও বজায় রাখা যাবে।

চলতি বছরের আগস্টে প্রকাশিত প্রায় ৬ হাজার শব্দের এক নিবন্ধে গেটস বলেন, ‘দাপ্তরিক চাকরিতে এআইয়ের প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে এবং শিগগিরই শারীরিক শ্রমনির্ভর চাকরিতেও এর প্রভাব পড়তে পারে।’ শারীরিক রোবট এখনো এআই ব্যবস্থার তুলনায় পিছিয়ে থাকলেও মানবাকৃতির রোবট দ্রুত সেই ব্যবধান কমিয়ে ফেলতে পারে বলে মনে করেন তিনি।

ওই নিবন্ধে এআইয়ের ব্যবহৃত টোকেনের ওপর কর আরোপের কথাও বলেন গেটস। এতে মানুষের শ্রমের বিকল্প হিসেবে এআই ব্যবহারের প্রবণতা কিছুটা ধীর করার পাশাপাশি কর্মীদের পুনঃপ্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তাব্যবস্থায় অর্থ জোগানো সম্ভব হবে বলে মনে করেন তিনি।

২০১৭ সালে কোয়ার্টজের তৎকালীন প্রধান নির্বাহী কেভিন ডেলানির সঙ্গে সাক্ষাৎকারে প্রথমবার রোবটের ওপর করের প্রস্তাব দিয়েছিলেন গেটস। প্রায় এক দশক পরও তিনি সেই অবস্থানে রয়েছেন। তার মতে, রোবট কর এআইয়ের কারণে তৈরি হওয়া সমস্যার পুরো সমাধান নয়, তবে এটি মোকাবিলায় একটি কার্যকর পদক্ষেপ হতে পারে।

এআইয়ের কারণে শ্রমবাজারে পরিবর্তন মোকাবিলায় গেটস একা নন। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই এআই কোম্পানিগুলোকে লক্ষ্য করে শক্তিশালী করনীতির কথা বলেছেন। ওপেনএআইও এআইনির্ভর শ্রমের ওপর কর আরোপের প্রস্তাব দিয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন