সব ব্যাংকের কিউ-ক্যাশ সেবা দ্রুত সচলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬

সব ব্যাংকের কিউ-ক্যাশ সেবা দ্রুত সচলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
ছবি: সংগৃহীত

আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে প্রযুক্তিগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে ৩০টি ব্যাংকের কার্ড, এটিএম ও জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে।

গত ৪ অক্টোবর থেকে চলা এই সমস্যার কারণে গ্রাহকেরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। গ্রাহকদের স্বার্থ ও আর্থিক লেনদেনের ধারাবাহিকতা রক্ষায় দ্রুত সেবা সচলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিউ-ক্যাশ নেটওয়ার্কে গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে সিস্টেম মাইগ্রেশন, প্রযুক্তিগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়। এরপর থেকেই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও এনপিএসবি-সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবায় জটিলতা তৈরি হয়।

গ্রাহকদের স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে দ্রুত সুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা পুনরায় চালুর কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এনপিএসবি প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি যুক্ত বিভিন্ন ব্যাংক, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রদানকারী এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্বাভাবিক লেনদেন কার্যক্রম পুরোপুরি চালু রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক পরিচালিত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস পেমেন্ট সিস্টেম (বিএসিপিএস), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস)-সহ দেশের সামগ্রিক পরিশোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমও চলমান রয়েছে।

সাময়িক এই ভোগান্তি এড়াতে গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার পাশাপাশি প্রয়োজনে বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন