মুছে ফেলা ছবির প্রিভিউ সংরক্ষণ করে উইন্ডোজ ১১
উইন্ডোজ ১১ থেকে কোনো ছবি মুছে ফেললেও তার ছোট আকারের প্রিভিউ বা থাম্বনেইল কম্পিউটারে থেকে যেতে পারে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবির মতো উইন্ডোজ ১১ স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা প্রতিটি ছবির প্রিভিউ সংরক্ষণ করে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসিওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ফাইল এক্সপ্লোরারে কোনো ছবি, ভিডিও বা নির্দিষ্ট ধরনের নথির প্রিভিউ তৈরি হলে দ্রুত দেখানোর জন্য উইন্ডোজ ১১ তা থাম্বনেইল ক্যাশে সংরক্ষণ করে। মূল ফাইল মুছে ফেলার পরও এই ক্যাশে থাকা প্রিভিউ স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় না।
কোথায় থাকে থাম্বনেইল ক্যাশ
থাম্বনেইল ক্যাশ ব্যবহারকারীর প্রোফাইলের একটি নির্দিষ্ট ফোল্ডারে সংরক্ষিত হয়। সেখানে থাম্বক্যাশ-৩২, থাম্বক্যাশ-৯৬, থাম্বক্যাশ-২৫৬ ও থাম্বক্যাশ-১০২৪ নামের স্টোরেজ ফাইল থাকতে পারে। এগুলোতে বিভিন্ন আকারের ছবির প্রিভিউ সংরক্ষিত থাকে।
উইন্ডোজ ভিস্তার সময় থেকেই থাম্বনেইল ক্যাশ ব্যবস্থাটি চালু রয়েছে। এর আগে মাইক্রোসফট থাম্বস ডিবি ফাইল ব্যবহার করত, যা আলাদা আলাদা ফোল্ডারে সংরক্ষিত থাকত।
তবে কোনো ছবি ডাউনলোড করে মুছে ফেললেই যে তার প্রিভিউ ক্যাশে থেকে যাবে, এমন নয়। উইন্ডোজ লেটেস্টের পরীক্ষায় দেখা গেছে, কিছু ছবি ডাউনলোড করে পরে মুছে ফেলার পরও সেগুলোর কোনো প্রিভিউ থাম্বনেইল ক্যাশে পাওয়া যায়নি।
কারণ, সাধারণত ফাইল এক্সপ্লোরার বা অন্য কোনো অ্যাপ ছবি প্রদর্শনের সময় থাম্বনেইল তৈরি করলেই সেটি ক্যাশে সংরক্ষিত হয়। ছবি কখনো প্রিভিউ হিসেবে প্রদর্শিত না হলে তার থাম্বনেইল ক্যাশে তৈরি নাও হতে পারে।
মুছে ফেলার পরও প্রিভিউ থাকে কেন
থাম্বনেইল ক্যাশ মূল ছবির ফাইল থেকে আলাদা জায়গায় সংরক্ষিত হয়। ফলে মূল ছবি মুছে ফেললেও সংশ্লিষ্ট ছোট প্রিভিউটি ক্যাশে থেকে যেতে পারে।
তবে এসব থাম্বনেইল মূল ছবির পূর্ণাঙ্গ কপি নয়। এগুলো ছোট আকারের প্রিভিউ হওয়ায় মূল ছবির অনেক বিস্তারিত তথ্য থাকে না। প্রিভিউটি কতটা স্পষ্ট থাকবে, তা এর আকার ও ছবির বিষয়বস্তুর ওপরও নির্ভর করে।
তথ্যপ্রযুক্তি ফরেনসিক বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই এই ক্যাশে থাকা তথ্য ব্যবহার করে আসছেন। বিশেষায়িত সফটওয়্যারের মাধ্যমে মূল ছবি মুছে ফেলার পরও ক্যাশে থাকা থাম্বনেইল উদ্ধার করা সম্ভব হতে পারে।
থাম্বনেইল ক্যাশ মুছবেন যেভাবে
উইন্ডোজ ১১-এর ডিস্ক ক্লিনআপ সুবিধা ব্যবহার করে ক্যাশে থাকা থাম্বনেইল মুছে ফেলা যায়।
- উইন্ডোজ ও আর একসঙ্গে চাপুন।
- cleanmgr লিখে এন্টার চাপুন।
- উইন্ডোজ ইনস্টল করা ড্রাইভ নির্বাচন করুন।
- থাম্বনেইল অপশনটি নির্বাচন করুন।
- ডিলিট ফাইলসে ক্লিক করুন।
এতে সংরক্ষিত থাম্বনেইল মুছে যাবে। পরে ফাইল এক্সপ্লোরারে বিভিন্ন ফোল্ডার খুললে প্রয়োজন অনুযায়ী উইন্ডোজ আবার নতুন থাম্বনেইল তৈরি করবে।
থাম্বনেইল তৈরি বন্ধ করবেন যেভাবে
উইন্ডোজ ১১ প্রো, এন্টারপ্রাইজ ও এডুকেশন সংস্করণে গ্রুপ পলিসি এডিটর ব্যবহার করে স্থায়ীভাবে থাম্বনেইল ক্যাশ বন্ধ করা যায়। এ জন্য জিপিএডিট ডট এমএসসি খুলে ব্যবহারকারী কনফিগারেশন থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, এরপর উইন্ডোজ কম্পোনেন্টস ও ফাইল এক্সপ্লোরারে গিয়ে ডিলিট থাম্বনেইল ক্যাশিং নীতি চালু করতে হবে।
উইন্ডোজ ১১ হোম সংস্করণে ফাইল এক্সপ্লোরারের অলওয়েজ শো আইকনস ইনস্টেড অব থাম্বনেইলস সুবিধা চালু করা যায়। এতে ছবির থাম্বনেইল প্রিভিউ দেখানো বন্ধ হবে এবং নতুন থাম্বনেইলও তৈরি হবে না।