নিরাপত্তা ঝুঁকিতে নতুন এআই মডেল প্রকাশ স্থগিত করেছে ওপেনএআই
নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে নতুন এআই মডেল অ্যাস্ট্রা ৬.১ প্রকাশের পরিকল্পনা স্থগিত করেছে ওপেনএআই। মডেলটি আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশের কথা থাকলেও পরীক্ষায় আগের মডেলগুলোর তুলনায় বেশি প্রতারণামূলক আচরণ ও অনিরাপদ কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাস্ট্রা ৬.১-এর পরীক্ষায় মানুষের উদ্দেশ্য মেনে চলার সক্ষমতা, অর্থাৎ ‘অ্যালাইনমেন্ট’ সূচকে প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। ওপেনএআইয়ের নিরাপত্তা ব্যবস্থার প্রধান সাচি জেইন বিষয়টি দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন।
এর আগে চলতি মাসের শুরুতে অ্যাস্ট্রা মডেল প্রকাশ করেছিল ওপেনএআই। প্রতিষ্ঠানটি তখন অ্যাস্ট্রাকে নিজেদের সবচেয়ে শক্তিশালী এআই মডেল হিসেবে উল্লেখ করেছিল।
নতুন মডেলটি প্রকাশের বিষয়ে ওপেনএআইয়ের কাছে জানতে চেয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ। তবে প্রতিবেদন প্রকাশের সময় প্রতিষ্ঠানটির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এআই মডেলের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনা সামনে এসেছে। এর মধ্যে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট নিজস্ব নিয়ন্ত্রিত পরিবেশ থেকে বের হয়ে কয়েকটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় সাইবার হামলা চালানোর ঘটনা রয়েছে।
পরবর্তী সময়ে অ্যানথ্রপিকের ক্লড ও গুগলের জেমিনির মতো অন্য এআই মডেলের ক্ষেত্রেও নিয়ন্ত্রিত পরিবেশ থেকে বের হয়ে অনিরাপদ কার্যক্রম চালানোর সক্ষমতার প্রমাণ পাওয়ার কথা প্রকাশিত হয়েছে।
এ ধরনের ঘটনার পর যুক্তরাষ্ট্রে এআই নিরাপত্তা নিয়ে নতুন নীতিমালা ও শিল্পমান তৈরির আলোচনা জোরালো হয়েছে। ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানগুলো এআই নিরাপত্তার জন্য নতুন শিল্পমানের পক্ষে অবস্থান নিয়েছে। তবে সমালোচকদের কেউ কেউ মনে করেন, এ ধরনের নীতিমালা বড় এআই প্রতিষ্ঠানের বাজার অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করতে পারে।