লাইসেন্সবিহীন ২২ পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯

লাইসেন্সবিহীন ২২ পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করা ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্ল্যাটফর্মে লেনদেন না করতে সর্বসাধারণকে সতর্ক করার পাশাপাশি কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ এসব প্রতিষ্ঠান শনাক্ত করেছে। এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দেওয়া হয়েছে। প্ল্যাটফর্মগুলোর ওয়েবসাইট বন্ধ এবং গুগল প্লে স্টোর থেকে সংশ্লিষ্ট অ্যাপ সরিয়ে নিতে বিটিআরসিকে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সেবা দিলে তা ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।

শনাক্ত হওয়া ২২টি প্ল্যাটফর্ম হলো বহুদুরপে, জিনিপে, পেটিলার, বেঙ্গলিপে, পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপেওয়ে, একে পে, বিডি পে, সাজগারপে, আস্থাপে/সিপে, উদ্যোক্তাপে, ওয়ালেটমিক্স, বিটিটিপে, ইজি পে অটোমেশন, ইউনিকপে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজিপে, অটোপে লিমিটেড, বিশ্বস্ত ও পিপ্রাপে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত ২২ প্রতিষ্ঠানের মধ্যে অন্তত ১৯টির ওয়েবসাইটে বিকাশ, নগদ, রকেট, বাংলা কিউআর ও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধের সুবিধা ছিল।

পেমেন্ট অ্যাগ্রিগেটর এমন প্রতিষ্ঠান, যার মাধ্যমে ব্যবসায়ীরা এক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে ডিজিটাল পেমেন্ট নিতে পারেন। তবে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের নিয়মিত নজরদারির বাইরে থাকায় এসব প্ল্যাটফর্মে লেনদেনে অর্থ ও তথ্যের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের অনুসন্ধানে তালিকাভুক্ত কিছু প্রতিষ্ঠান যথাযথ মার্চেন্ট অ্যাকাউন্টের পরিবর্তে ব্যক্তিগত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নম্বর ব্যবহার করছে বলে জানা গেছে। কিছু প্ল্যাটফর্ম ভার্চুয়াল মুদ্রা লেনদেনে সহায়তা করছে। কয়েকটির বিরুদ্ধে জুয়াসহ অবৈধ কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এসব অননুমোদিত প্ল্যাটফর্মে লেনদেন করে কেউ প্রতারিত হলে এর দায় বাংলাদেশ ব্যাংক নেবে না। অর্থের নিরাপত্তা ও আইনি ঝুঁকি এড়াতে লাইসেন্সবিহীন প্ল্যাটফর্মগুলো ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন