রোবট উৎপাদন বাড়াতে গিয়ে নতুন চ্যালেঞ্জে টেসলা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০০

রোবট উৎপাদন বাড়াতে গিয়ে নতুন চ্যালেঞ্জে টেসলা

মানবাকৃতির অপটিমাস রোবটের উৎপাদন বাড়াতে গিয়ে নানা সমস্যায় পড়ছে টেসলা। প্রতি সপ্তাহে ২০ হাজার রোবট তৈরির লক্ষ্য থাকলেও উৎপাদন লাইনে যন্ত্রাংশ নিখুঁতভাবে জোড়া লাগানোসহ বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে।

দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে টেসলা প্রতি সপ্তাহে কয়েক শ অপটিমাস রোবট তৈরি করেছে। এ বছরের শুরুতে মডেল এস ও মডেল এক্স গাড়ির উৎপাদন লাইন পরিবর্তন করে অপটিমাস তৈরিতে ব্যবহার করা হলেও এতে উৎপাদনসংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।

অপটিমাসের যন্ত্রাংশ গাড়ির যন্ত্রাংশের তুলনায় অনেক ছোট এবং সেগুলো আরও নিখুঁতভাবে জোড়া লাগাতে হয়। ফলে উৎপাদন লাইনে যন্ত্রাংশ সঠিকভাবে বসানো কঠিন হয়ে পড়েছে।

বর্তমানে তৈরি করা ভি৩ সংস্করণের অপটিমাস রোবটের হাত ও বাহুতে ১০০টির বেশি স্ক্রু ও অন্যান্য ছোট যন্ত্রাংশ রয়েছে। এসব যন্ত্রাংশ এখনো কর্মীদের হাতে বসাতে হচ্ছে। নতুন সংস্করণের রোবট আগের তুলনায় হালকা এবং এতে বেশি ক্যামেরা রয়েছে।

উৎপাদন বাড়াতে আরও প্রযুক্তি

টেসলা বর্তমানে ‘সেন্সিং গ্লাভ’ নামে একটি প্রযুক্তি তৈরি করছে। এটি ব্যবহার করা হলে রোবটের হাতের স্পর্শ শনাক্তকারী সেন্সর সহজে পরিবর্তন করা যাবে। ফলে সেন্সর নষ্ট হলে পুরো হাত বদলানোর প্রয়োজন হবে না। তবে বর্তমান ভি৩ সংস্করণে এই সুবিধা নেই।

অপটিমাসের উৎপাদনে কয়েক বছর ধরেই বিলম্ব হচ্ছে। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক অবশ্য রোবটটি নিয়ে বড় প্রত্যাশার কথা জানিয়েছেন। তার দাবি, অপটিমাস একসময় টেসলার সবচেয়ে বড় পণ্য হয়ে উঠতে পারে।

বর্তমানে অপটিমাস মূলত টেসলার নিজস্ব প্রতিষ্ঠানে নির্দিষ্ট কিছু কাজে সীমিতভাবে ব্যবহৃত হচ্ছে। রোবটগুলো এখনো সাধারণভাবে বাইরে ব্যবহার করা হচ্ছে না এবং দূর থেকে নিয়ন্ত্রণের ব্যবস্থাও চালু হয়নি।

দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, টেসলা শুরুতে অপটিমাস বিক্রির পরিবর্তে বিভিন্ন প্রতিষ্ঠানে ভাড়া দেওয়ার পরিকল্পনা করছে। এসব রোবটের কাজ থেকে পাওয়া তথ্য ব্যবহার করে পরবর্তী সময়ে রোবটের সক্ষমতা উন্নত করার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন