এআই নিয়ে ভয়াবহ সতর্কবার্তা দিলেন বিল গেটস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভয়াবহ মাত্রার ক্ষতি ঘটানো সম্ভব হতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। শক্তিশালী এআই ব্যবস্থা কীভাবে তৈরি ও নজরদারি করা হবে, সে বিষয়ে সরকারকে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন তিনি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস বলেন, এআইয়ের নিরাপত্তা পুরোপুরি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ছেড়ে দেওয়া উচিত নয়। এআই নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি নিশ্চিত করতে বাধ্য করার জন্য আইন প্রয়োজন।
গেটস বলেন, ‘এআই এতটাই শক্তিশালী হয়ে উঠছে যে এটি এমন কোনো ঘটনা ঘটাতে সক্ষম হতে পারে, যাতে এক বিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে। তবে তিনি এক বিলিয়ন মানুষ এআইয়ের কারণে মারা যাবে এমন পূর্বাভাস দেননি। তার বক্তব্য ছিল, ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহার করা হলে উন্নত এআই এত বড় মাত্রার বিপর্যয় ঘটাতে পারে।’
এআইয়ের ঝুঁকি নিয়ে বাড়ছে আলোচনা
গেটসের মতে, এআইয়ের ঝুঁকি শুধু ভুল সিদ্ধান্ত বা চাকরিতে প্রভাবের মধ্যে সীমাবদ্ধ নয়। শক্তিশালী এআই যদি ক্ষতি করতে চাওয়া মানুষের হাতে যায়, তাহলে এর প্রভাব আগের অনেক ধরনের অস্ত্রের তুলনায় ভিন্ন মাত্রার হতে পারে।
এআই নিরাপত্তা নিয়ে প্রযুক্তি খাতের অন্য নেতারাও বিভিন্ন মত দিচ্ছেন। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই বড় এআই প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারি নিয়ন্ত্রণের পক্ষে মত দিয়েছেন। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানও এআইয়ের ঝুঁকি মূল্যায়ন, নিরাপত্তাব্যবস্থা ও মানুষের নজরদারি নিয়ে আন্তর্জাতিক মানদণ্ড তৈরির কথা বলেছেন।
অন্যদিকে, মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এআই নিরাপত্তার বিষয়গুলো প্রতিষ্ঠানগুলোর নিজেদের ব্যবস্থাপনার মাধ্যমে সমাধানের পক্ষে মত দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রেও এআই নিয়ন্ত্রণে এখনো একক ফেডারেল কাঠামো তৈরি হয়নি। তবে ক্যালিফোর্নিয়া, মেরিল্যান্ড ও নিউইয়র্কসহ কয়েকটি অঙ্গরাজ্য এআই নিরাপত্তা ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর তদারকি নিয়ে পৃথক উদ্যোগ নিয়েছে।
মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথও শক্তিশালী এআই তৈরির প্রতিযোগিতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তার মতে, এআই উন্নয়নের সময় নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।