হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ফোন খুঁজে পাবেন যেভাবে

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২০

হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ফোন খুঁজে পাবেন যেভাবে

অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে গেলে গুগলের ‘ফাইন্ড হাব’ সুবিধার মাধ্যমে সেটির সর্বশেষ অবস্থান খুঁজে বের করা যায়। ফোনটি কোথায় আছে তা মানচিত্রে দেখার পাশাপাশি দূর থেকে ফোনে শব্দ বাজানো, সেটি লক করা এবং প্রয়োজনে ফোনের সব তথ্য মুছে ফেলার সুবিধাও রয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফাইন্ড হাব’ গুগলের আগের ‘ফাইন্ড মাই ডিভাইস’ সুবিধার নতুন নাম। ফোন খুঁজতে অন্য অ্যান্ড্রয়েড ফোন থাকা বাধ্যতামূলক নয়। ল্যাপটপ বা আইফোনের মতো যেকোনো যন্ত্রের ওয়েব ব্রাউজার ব্যবহার করেও ফোনের অবস্থান দেখা যায়।

ফোন হারানোর আগেই যেসব সেটিংস চালু রাখবেন

ফোনে গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করলে ফাইন্ড হাব স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। তবে ফোন হারিয়ে গেলে সেটি খুঁজে পেতে আগে থেকেই কয়েকটি সেটিংস ঠিক করে রাখা প্রয়োজন। ফোনের অবস্থান ও ব্লুটুথ চালু থাকতে হবে এবং ফাইন্ড হাবের সেটিংসে ‘ডিভাইস খুঁজে পাওয়ার অনুমতি’ চালু রাখতে হবে।

এ ছাড়া অফলাইন অবস্থায় ফোন খুঁজে পাওয়ার সুবিধা চালু রাখতে হবে। এ জন্য ‘ব্যস্ত এলাকায় নেটওয়ার্কের মাধ্যমে’ অথবা ‘সব জায়গায় নেটওয়ার্কের মাধ্যমে’ অপশন নির্বাচন করা যায়। ফোনে পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ডও থাকতে হবে। পাশাপাশি এমন একটি গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করা থাকতে হবে, যেটিতে ব্যবহারকারী পরবর্তী সময়ে প্রবেশ করতে পারবেন।

গুগলের নতুন কিছু পিক্সেল ফোন বন্ধ করার পরও কয়েক ঘণ্টা পর্যন্ত শনাক্ত করা যায়। ফোনের ব্র্যান্ড অনুযায়ী সেটিংসের নাম কিছুটা আলাদা হতে পারে।

মানচিত্রে ফোনের অবস্থান দেখবেন যেভাবে

অন্য অ্যান্ড্রয়েড ফোন বা ওয়্যার ওএস স্মার্টঘড়িতে ফাইন্ড হাব অ্যাপ খুলে একই গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করতে হবে। চাইলে যেকোনো ওয়েব ব্রাউজার থেকে ফাইন্ড হাবের ওয়েবসাইটেও প্রবেশ করা যায়। এরপর ডিভাইসের তালিকা থেকে হারানো ফোন নির্বাচন করলে মানচিত্রে সেটির সর্বশেষ অবস্থান দেখা যাবে। গুগল ম্যাপসের মাধ্যমে সেখানকার দিকনির্দেশনাও পাওয়া যাবে।

ফোনটি আশপাশে থাকলে ‘প্লে সাউন্ড’ সুবিধা ব্যবহার করা যায়। এতে ফোনটি নীরব অবস্থায় থাকলেও পাঁচ মিনিট সর্বোচ্চ শব্দে রিং বাজবে। ফোনটি ১০ মিটারের মধ্যে থাকলে ‘ফাইন্ড নিয়ারবাই’ সুবিধার মাধ্যমে কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি নির্দেশক আকার পূর্ণ হতে দেখা যাবে।

চুরি হলে ফোন লক বা তথ্য মুছে ফেলবেন যেভাবে

ফোনটি চুরি হয়ে গেলে দ্রুত সেটি সুরক্ষিত করা জরুরি। ‘মার্ক অ্যাজ লস্ট’ সুবিধা চালু করলে পিন দিয়ে ফোনটি লক করা যাবে এবং লকস্ক্রিনে যোগাযোগের নম্বরসহ একটি বার্তা দেখানো যাবে। তবে বার্তায় বেশি ব্যক্তিগত তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ প্রতারকেরা এসব তথ্য ব্যবহার করে ফোন আনলক করানোর চেষ্টা করতে পারে।

গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে না থাকলেও ‘রিমোট লক’ সুবিধার মাধ্যমে শুধু ফোন নম্বর ব্যবহার করে পর্দা লক করা যায়।

সবশেষ উপায় হিসেবে ‘ফ্যাক্টরি রিসেট’ করা যায়। এতে ফোনের সব তথ্য স্থায়ীভাবে মুছে যাবে এবং ফোনটি ফাইন্ড হাব থেকে সরিয়ে দেওয়া হবে। ফলে এরপর আর সেটির অবস্থান শনাক্ত করা সম্ভব হবে না।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন