অ্যান্ড্রয়েডে নিজের প্রয়োজনমতো উইজেট তৈরি করবে গুগল
অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উইজেট তৈরি করার সুবিধা আনছে গুগল। ‘ক্রিয়েট মাই উইজেট’ নামের এই সুবিধায় আবহাওয়া, সময়, গুরুত্বপূর্ণ তারিখ, শেয়ারবাজারসহ বিভিন্ন তথ্যের জন্য নিজের মতো করে উইজেট তৈরি করা যাবে।
নাইন-টু-ফাইভ গুগলের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শুরুতে গুগলবুকে ‘ক্রিয়েট মাই উইজেট’ চালু হতে পারে। এর আগে গুগল প্লে স্টোরে প্রকাশিত অ্যাপটির তালিকা থেকে অ্যান্ড্রয়েড ফোনে এর ব্যবহারপদ্ধতি ও বিভিন্ন সুবিধার তথ্য জানা গেছে।
ফোনে ‘ক্রিয়েট মাই উইজেট’ চালু করলে বিভিন্ন ধরনের উইজেট তৈরির জন্য কয়েকটি বিভাগ দেখা যাবে। এর মধ্যে রয়েছে আবহাওয়ার সতর্কতা, ওয়ার্ল্ড ক্লক, দৈনিক তথ্য, গুরুত্বপূর্ণ তারিখ ও বাজারদর।
‘আবহাওয়ার সতর্কতা’ বিভাগে অতিবেগুনি রশ্মির মাত্রা, জোয়ারের সময় ও বাতাসের পূর্বাভাস দেখানোর উইজেট তৈরি করা যাবে। ‘আমার বিশ্বঘড়ি’ বিভাগে বিভিন্ন দেশের সময় ও দিবালোক সাশ্রয়ী সময় গণনার সুবিধা থাকবে।

‘দৈনিক তথ্য’ বিভাগে রাশিফল, দৈনিক রান্নার রেসিপি, বিভিন্ন তথ্য ও ইতিবাচক বার্তা দেখানোর উইজেট তৈরি করা যাবে। ‘গুরুত্বপূর্ণ তারিখ’ বিভাগে জন্মদিন, ছুটির দিন ও বার্ষিকীর জন্য কাউন্টডাউন উইজেট তৈরি করা যাবে। এ ছাড়া শেয়ারবাজারের শেয়ার, ক্রিপ্টোকারেন্সি ও মুদ্রার বিনিময় হার দেখার উইজেটও তৈরি করা যাবে।
প্রতিটি বিভাগে আগে থেকে তৈরি বিভিন্ন নকশার উইজেটের নমুনা থাকবে। ব্যবহারকারী চাইলে নিচের নির্দেশনা লেখার ঘরে নিজের প্রয়োজন অনুযায়ী উইজেট কেমন হবে, তা লিখেও তৈরি করতে পারবেন। তৈরি হয়ে গেলে সেটি ফোনের হোমস্ক্রিনে যোগ করা যাবে।
গুগলবুকের সংস্করণে আবহাওয়া, খেলাধুলা ও ফিটনেস, অনুষ্ঠান ও ভ্রমণ, দৈনন্দিন অভ্যাস, গুরুত্বপূর্ণ তারিখ, অর্থনীতি এবং বিভিন্ন টুল ও পরামর্শের মতো আরও বিভাগ থাকবে। প্রতিটি বিভাগে একাধিক নমুনা উইজেট থাকবে, যা দেখে ব্যবহারকারীরা কী ধরনের উইজেট তৈরি করা যায়, সে সম্পর্কে ধারণা পাবেন।
নাইন-টু-ফাইভ গুগলের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ক্রিয়েট মাই উইজেট’-এর বর্তমান সংস্করণটি গুগলবুকের জন্য প্রস্তুত করা হচ্ছে।