২৮তম জন্মদিনে পুরোনো দিনের গুগলকে ফিরিয়ে এনেছে ডুডল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯

২৮তম জন্মদিনে পুরোনো দিনের গুগলকে ফিরিয়ে এনেছে ডুডল

২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুরোনো দিনের গুগলকে স্মরণ করছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে গুগলের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করা হয়েছে, যেখানে শুরুর সময়ের গুগল লোগোর নকশা তুলে ধরা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ২৭ সেপ্টেম্বর গুগল তাদের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে। ল্যারি পেজ ও সের্গেই ব্রিন ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগলকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেন। সে সময় তারা যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ছিলেন।

গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৮ সালের আগস্টে সান মাইক্রোসিস্টেমসের সহপ্রতিষ্ঠাতা অ্যান্ডি বেকটলশেইম ল্যারি পেজ ও সের্গেই ব্রিনকে ১ লাখ মার্কিন ডলারের একটি চেক দেন। এই অর্থ গুগল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন 

গুগল কেন ২৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করে, তার নির্দিষ্ট কারণ পুরোপুরি স্পষ্ট নয়। ২০০০-এর দশকের শুরুর দিকে সেপ্টেম্বরের বিভিন্ন দিনে গুগলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হতো। তবে ২০০৬ সাল থেকে ২৭ সেপ্টেম্বর তারিখটি ধারাবাহিকভাবে ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠাবার্ষিকীতে গুগল তাদের দীর্ঘ যাত্রা ফিরে দেখে। একসময় শুধু সার্চ ইঞ্জিন হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি এখন জিমেইল, ইউটিউব, গুগল ম্যাপস, অ্যান্ড্রয়েড ও পিক্সেল ফোনসহ বিভিন্ন সেবা ও পণ্য তৈরি করছে।

এ ছাড়া গুগল বর্তমানে জেমিনি প্ল্যাটফর্মের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়েও কাজ করছে। ২০১৫ সালে গঠিত গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের অধীনেই বর্তমানে এসব সেবা পরিচালিত হচ্ছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন