শিশুদের নিরাপত্তা নিয়ে মামলায় ১০ কোটি ডলারে টিকটকের সমঝোতা
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে শিশুদের নিরাপত্তা নিয়ে করা মামলায় ১০ কোটি মার্কিন ডলারে সমঝোতা করেছে টিকটক ও এর চীনা মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। শিশুদের আসক্ত করার মতোভাবে প্ল্যাটফর্মটি নকশা করা এবং নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার অভিযোগে মামলাটি করা হয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতার আওতায় আলাবামা অন্তত ১০ কোটি মার্কিন ডলার পাবে। আগামী ৪৫ দিনের মধ্যে এই অর্থ পরিশোধ করার কথা রয়েছে। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে অঙ্গরাজ্যটি সর্বোচ্চ ৩০ কোটি মার্কিন ডলারও পেতে পারে বলে আলাবামার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে।
অভিযোগে বলা হয়েছিল, শিশুদের দীর্ঘ সময় টিকটক ব্যবহারে উৎসাহিত করতে প্ল্যাটফর্মটিতে এমন কিছু নকশা ও ব্যবস্থা রাখা হয়েছে, যা তাদের আসক্ত করে তুলতে পারে। পাশাপাশি প্ল্যাটফর্মটির নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার অভিযোগও আনা হয়।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে টিকটকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ রয়েছে। আলাবামার সঙ্গে সমঝোতার মাধ্যমে এসব অভিযোগের মধ্যে অঙ্গরাজ্য পর্যায়ে প্রথমবারের মতো কোনো মামলার নিষ্পত্তি করল টিকটক।