অবশেষে মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন চালাতে রাজি মেটা ও ইউটিউব

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২

অবশেষে মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন চালাতে রাজি মেটা ও ইউটিউব

ইলন মাস্ককে নিয়ে নির্মিত তথ্যচিত্রের বিজ্ঞাপন চালাতে রাজি হয়েছে মেটা ও ইউটিউব। এর আগে তথ্যচিত্রটির ট্রেলার বিজ্ঞাপন হিসেবে চালানোর অনুমতি দেয়নি মেটা, ইউটিউবসহ টিকটক ও এক্স।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, মেটার এক মুখপাত্র বিজ্ঞাপন আটকে দেওয়ার ঘটনাকে ভুল হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, বিজ্ঞাপনটি আবার চালানোর অনুমতি দেওয়া হয়েছে। ইউটিউবও জানিয়েছে, তথ্যচিত্রটির ট্রেলার সব সময়ই ইউটিউবে দেখার জন্য উন্মুক্ত ছিল। তবে বিজ্ঞাপন হিসেবে চালানোর সময় স্বয়ংক্রিয় ব্যবস্থার কারণে এটি সাময়িকভাবে আটকে যায়। পরে পর্যালোচনার মাধ্যমে বিজ্ঞাপনটি অনুমোদন করা হয়।

হলিউড রিপোর্টারের প্রতিবেদনে বলা হয়েছিল, মেটা, টিকটক ও ইউটিউব তথ্যচিত্রটির ট্রেলারকে ‘রাজনৈতিক কনটেন্ট’ হিসেবে বিবেচনা করে বিজ্ঞাপন চালানোর অনুমতি দেয়নি। তবে তথ্যচিত্রের ট্রেলারকে কীভাবে রাজনৈতিক প্রচারণার বিজ্ঞাপন হিসেবে বিবেচনা করা হয়েছে, তা স্পষ্ট নয়। পরে যুক্তরাষ্ট্রের পরিবেশক প্রতিষ্ঠান ব্লিকার স্ট্রিট সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল করে।

চার ঘণ্টার তথ্যচিত্র

‘মাস্ক’ নামের তথ্যচিত্রটি নির্মাণ করেছেন অ্যালেক্স গিবনি। এর আগে তিনি ‘গোয়িং ক্লিয়ার’, ‘দ্য ইনভেন্টর’ ও স্টিভ জবসকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন। চলতি বছরের সেপ্টেম্বরে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্রটির প্রিমিয়ার হয়।

প্রায় চার ঘণ্টার তথ্যচিত্রটিতে মাস্কের প্রযুক্তি ব্যবসার বিভিন্ন দিক, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ও জোট এবং তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এতে মাস্কের সাবেক স্ত্রী জাস্টিন মাস্ক ও সাবেক ডানপন্থী ইনফ্লুয়েন্সার অ্যাশলি সেন্ট ক্লেয়ারসহ কয়েকজনের সাক্ষাৎকার রয়েছে।

যুক্তরাষ্ট্রে আগামী ৯ অক্টোবর প্রেক্ষাগৃহে তথ্যচিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তথ্যচিত্রটির আন্তর্জাতিক পরিবেশনা নিয়ে শুরুতে কিছু অনিশ্চয়তা থাকলেও পরে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স জানিয়েছে, এটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। তবে আন্তর্জাতিক মুক্তির বিস্তারিত পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন