তরুণদের নতুন প্রযুক্তি প্রবণতায় মেটার ‘মিউজ চার্ম’

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

তরুণদের নতুন প্রযুক্তি প্রবণতায় মেটার ‘মিউজ চার্ম’

মেটার নতুন এআই ডিভাইস ‘মিউজ চার্ম’ দেখতে অনেকটা নব্বইয়ের দশকের জনপ্রিয় ডিজিটাল খেলনা তামাগোচির মতো। ছোট এই ডিভাইসটি শুধু এআই ব্যবহারের নতুন মাধ্যম নয়, তরুণদের মধ্যে প্রযুক্তিপণ্যকে ফ্যাশন ও ব্যক্তিগত পরিচয়ের অংশ হিসেবে ব্যবহারের যে প্রবণতা তৈরি হয়েছে, তার সঙ্গেও মিলে যাচ্ছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, জেন-জি তরুণদের মধ্যে ব্যাগ ও চাবির রিংয়ে ছোট বিভিন্ন পণ্য ঝোলানোর প্রবণতা বাড়ছে। প্রসাধনী, সুগন্ধি, হ্যান্ড স্যানিটাইজারসহ নানা ব্যক্তিগত পণ্য এখন ব্যাগ সাজানোর অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে। লাবুবুর জনপ্রিয়তার পর এই ‘ব্যাগ চার্ম’ প্রবণতা আরও ছড়িয়ে পড়ে।

মিউজ চার্মও একইভাবে ব্যাগ বা অন্য কোনো জায়গায় ঝোলানো যায়। এর বিশেষত্ব হলো, এতে থাকা এআই চরিত্র বা সঙ্গী ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী সাজানো যায়। ফলে ডিভাইসটি শুধু প্রযুক্তির ব্যবহার নয়, ব্যবহারকারীর ব্যক্তিত্ব ও রুচি প্রকাশের একটি অনুষঙ্গ হিসেবেও কাজ করতে পারে।

প্রতিবেদনে অ্যাপল ওয়াচের সাম্প্রতিক ব্যবহারকে এ প্রবণতার আরেকটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। অনেক তরুণ এখন অ্যাপল ওয়াচ হাতে পরার বদলে চাবির রিং, ব্যাগ চার্ম বা ল্যানইয়ার্ডের সঙ্গে ব্যবহার করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ব্যবহারের ভিডিওও জনপ্রিয় হয়েছে।

তরুণদের প্রযুক্তি ব্যবহারে একই সঙ্গে পুরোনো পণ্যের প্রতিও নতুন আগ্রহ দেখা যাচ্ছে। ডিজিটাল ক্যামেরা, ফ্লিপ ফোন, আইপড, সিডি, ক্যাসেট ও তারযুক্ত ইয়ারফোনের মতো একসময় জনপ্রিয় প্রযুক্তিপণ্য আবার ফ্যাশন অনুষঙ্গ হয়ে উঠছে। অ্যালগরিদমনির্ভর ও অতিরিক্ত ভার্চুয়াল প্রযুক্তির বিপরীতে স্পর্শযোগ্য ও ব্যক্তিগতভাবে সাজানো যায় এমন প্রযুক্তির প্রতি আগ্রহও বাড়ছে।

এই পরিবর্তনের ফলে প্রযুক্তিপণ্য এখন শুধু কাজের জন্য ব্যবহৃত যন্ত্র নয়, ব্যক্তিগত রুচি ও পরিচয় প্রকাশের মাধ্যমও হয়ে উঠছে। মিউজ চার্মকে এই পরিবর্তনশীল প্রবণতার সঙ্গে মিল রেখেই তৈরি করা হয়েছে বলে টেকক্রাঞ্চের প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে।

তবে মিউজ চার্ম বাজারে কতটা সফল হবে, তা এখনো নিশ্চিত নয়। মেটার গোপনীয়তা ও ব্যবহারকারীর তথ্য ব্যবস্থাপনা নিয়ে অতীতের বিতর্কও ডিভাইসটির গ্রহণযোগ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন