কথা বলেই ফাইল ও প্রেজেন্টেশন তৈরি করা যাবে চ্যাটজিপিটিতে
মোবাইল অ্যাপেও ভয়েস কমান্ডের মাধ্যমে বিভিন্ন জটিল কাজ করানোর সুবিধা চালু করছে চ্যাটজিপিটি। এর ফলে ব্যবহারকারীরা কথা বলেই ফাইল তৈরি, ই-মেইল খসড়া করা বা বার্তা সংক্ষেপ করার মতো কাজ করাতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটির প্লাস ও প্রো সাবস্ক্রাইবাররা মোবাইলের ‘ওয়ার্ক’ ট্যাব থেকে ভয়েস কমান্ড দিয়ে বিভিন্ন কাজ করতে পারবেন। এর মধ্যে ফাইল তৈরি, ই-মেইল খসড়া করা এবং স্ল্যাকের বার্তা সংক্ষেপ করার মতো কাজ রয়েছে। পাশাপাশি ওয়েবসাইট ও প্রেজেন্টেশন তৈরি, ক্লাউড ব্রাউজার ব্যবহার এবং চ্যাটজিপিটির অন্যান্য ওয়ার্কস্পেস সুবিধাও ব্যবহার করা যাবে।
অন্যদিকে ফ্রি ও গো সংস্করণের ব্যবহারকারীরা মোবাইল অ্যাপে প্লাগইন ও সংযুক্ত অ্যাপ ব্যবহারের সুবিধা পাবেন। অর্থাৎ সাবস্ক্রিপশন অনুযায়ী চ্যাটজিপিটির এআই এজেন্টের কাজের পরিধি আলাদা হবে।
চ্যাটজিপিটির ভয়েস কথোপকথনে এখন আরও সমৃদ্ধ টেক্সট আউটপুটও পাওয়া যাবে। ব্যবহারকারীরা সহজেই ভয়েস ও টেক্সটের মধ্যে পরিবর্তন করতে পারবেন। ফলে বাইরে থাকা অবস্থায় ভয়েসে শুরু করা কোনো কাজ পরে ডেস্কটপে গিয়ে চালিয়ে নেওয়া যাবে।
মোবাইলে বাড়ছে এআই এজেন্টের ব্যবহার
জটিল কাজের নির্দেশ দিতে এআই সহকারীকে ভয়েস কমান্ড দেওয়ার প্রবণতা বাড়ার মধ্যেই এই সুবিধা চালু করল ওপেনএআই। গত জুলাইয়ে প্রতিষ্ঠানটি আরও স্বাভাবিক কথোপকথনের জন্য নতুন ভয়েস মডেল জিপিটি-লাইভ চালু করে। পরে সেটি ডেস্কটপ অ্যাপেও যুক্ত করা হয়।

ডেস্কটপে ভয়েস ব্যবহার করে ‘ওয়ার্ক’ ট্যাবে বিভিন্ন কাজ করার পাশাপাশি ‘কোডেক্স’ ট্যাবে অ্যাপ তৈরির সুবিধা রয়েছে। এবার একই ধরনের সুবিধা মোবাইল অ্যাপেও যুক্ত হচ্ছে।
সম্প্রতি অ্যানথ্রপিক মোবাইল ও ডেস্কটপের মধ্যে কাজ চালিয়ে যাওয়ার সুবিধা সহজ করার পাশাপাশি ক্লডের চ্যাট ও কোওয়ার্ক সুবিধা এক ইন্টারফেসে যুক্ত করেছে। তবে ওপেনএআই এখনো চ্যাট ও ওয়ার্কস্পেসকে আলাদা রেখেছে।