মেটার এআই এজেন্ট মিউজে আসছে নতুন যেসব সুবিধা
মেটার ব্যক্তিগত এআই এজেন্ট মিউজ চালুর কয়েক সপ্তাহের মধ্যেই এতে একের পর এক নতুন সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীর দৈনন্দিন কাজ সামলানোর পাশাপাশি মিউজ এখন এআই চশমা, কম্পিউটার, ই-মেইল ও অনলাইন কেনাকাটার সঙ্গেও যুক্ত হবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, মেনলো পার্কে আয়োজিত মেটার বার্ষিক ‘কানেক্ট’ অনুষ্ঠানে নতুন এসব সুবিধার ঘোষণা দেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। ব্যবহারকারীর অনুমতি থাকলে মিউজকে বিভিন্ন ডিভাইস ও ডিজিটাল সেবার সঙ্গে যুক্ত করে দৈনন্দিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করানো যাবে।
মিউজের এজেন্টভিত্তিক কাজের জন্য মেটার তৈরি মাল্টিমোডাল এআই মডেল ‘মিউজ স্পার্ক’ ব্যবহার করা হয়েছে। জাকারবার্গের মতে, ভবিষ্যতে মিউজ বিলিয়ন মানুষের ব্যক্তিগত সুপারইন্টেলিজেন্সে পরিণত হতে পারে।
মিউজ পাবে নিজস্ব ডিজিটাল অ্যাভাটার
মিউজ ব্যবহারকারীরা শিগগিরই নিজেদের এআই এজেন্টের জন্য আলাদা ডিজিটাল অ্যাভাটার তৈরি করতে পারবেন। সেই অবতারের সঙ্গে রিয়েল টাইমে ভিডিও কথোপকথনও করা যাবে।
![]()
এ সুবিধার জন্য ‘মিউজ রিয়েলটাইম অ্যাভাটার’ নামে নতুন একটি এআই মডেল তৈরি করেছে মেটা। এর মাধ্যমে মিউজের বর্তমান মুখহীন সফটওয়্যার ইন্টারফেসের পরিবর্তে মুখ, শরীর ও কণ্ঠসহ ডিজিটাল অবতার দেখা যাবে। ব্যবহারকারীরা ওই অবতারের সঙ্গে কথা বলে বিভিন্ন প্রশ্ন করতে বা কাজের নির্দেশ দিতে পারবেন।
মেটার স্মার্ট চশমায় যুক্ত হবে মিউজ
মেটার স্মার্ট চশমাতেও মিউজ যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে চশমায় কথা বলেই মিউজের সঙ্গে যোগাযোগ করা যাবে। নির্দিষ্ট ‘ওয়েক ওয়ার্ড’ বললে এজেন্ট সক্রিয় হবে।
ব্যবহারকারীর ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী ব্যায়াম করার নির্দেশনা দেওয়া, খাবারের তথ্য নথিবদ্ধ করা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং চোখে দেখা কোনো পণ্য কেনার মতো কাজও মিউজ করতে পারবে। মিউজ পেছনে থেকে কাজ চালিয়ে যাবে এবং কাজ শেষ হলে ব্যবহারকারীকে জানাবে।
মেটা জানিয়েছে, সুবিধাটি আগামী কয়েক মাসের মধ্যে চালু হতে পারে।
ম্যাক কম্পিউটারও চালাতে পারবে মিউজ
মিউজকে ম্যাক কম্পিউটারে কাজ করার সুবিধাও দিচ্ছে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন কাজ এআই এজেন্টের কাছে দিয়ে রাখতে পারবেন।

মিউজ কম্পিউটারের বিভিন্ন অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারীর হয়ে কাজ করতে পারবে। মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াং বলেন, ছোট ব্যবসার কাজ পরিচালনা থেকে শুরু করে সাধারণ দাপ্তরিক কাজেও মিউজকে ব্যবহার করা যাবে। ব্যবহারকারী কম্পিউটার থেকে দূরে থাকলেও মিউজ নির্ধারিত কাজ চালিয়ে যেতে পারবে।
মিউজের জন্য থাকবে আলাদা ই-মেইল ঠিকানা
পেছনে থেকে বিভিন্ন কাজ করার সুবিধা থাকায় মিউজের নিজস্ব ই-মেইল ঠিকানা দেওয়ার পরিকল্পনা করছে মেটা। সুবিধাটি শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন ওয়াং।
ব্যবহারকারীরা কোনো ই-মেইল কথোপকথনে মিউজকে যুক্ত করতে পারবেন। পাশাপাশি মিউজের মাধ্যমে কোনো ই-মেইল অন্যের কাছে পাঠিয়ে তার হয়ে কাজও করানো যাবে।
অনলাইন কেনাকাটায় বাড়ছে অংশীদারত্ব
অনলাইন কেনাকাটার জন্য স্ট্রাইপ ও শপিফাইয়ের মতো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে মেটা।মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াং জানিয়েছেন, মিউজ শপিফাইয়ের পুরো পণ্য তালিকায় এজেন্টের মাধ্যমে প্রবেশ করতে পারবে এবং লিংক ও শপ পের সুবিধা ব্যবহার করে ইন্টারনেট থেকে বিভিন্ন পণ্য কিনতে পারবে। পেপ্যালের মাধ্যমে অর্থ পরিশোধের সুবিধাও বাড়ানো হয়েছে।
মিউজকে বেস্ট বাই, গ্যাপ, সেফোরা, ওয়ালমার্ট ও ওয়েফেয়ারের মতো খুচরা বিক্রেতাদের সেবার সঙ্গেও যুক্ত করছে মেটা। এর পাশাপাশি এক্সপিডিয়া ও শিগগিরই ইনস্টাকার্টের সঙ্গেও সংযোগ তৈরি করা হবে।
ডেভেলপারদের নিজেদের সংযোগ সুবিধা তৈরির সুযোগও দিয়েছে মেটা। এক সপ্তাহেরও কম সময়ে এ প্ল্যাটফর্মে ১ হাজার ৫০০টির বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গিটহাব, গ্র্যানোলা ও নোশনও মিউজের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে মেটা।