মার্চেন্টদের ব্যবসা সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৮

মার্চেন্টদের ব্যবসা সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বাণিজ্য বা সোশ্যাল কমার্স খাতের ব্যবসায়ীদের জন্য ‘পাঠাও কমার্স’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে পাঠাও। প্রতিষ্ঠানটির দাবি, বর্তমানে দেশে প্রায় ২ লাখ মার্চেন্ট সোশ্যাল কমার্সে ব্যবসা করছেন, যা মোট ডিজিটাল কমার্সের ৮০ শতাংশের বেশি।

নতুন এই প্ল্যাটফর্মে স্টোরফ্রন্ট, বিক্রয়, অর্ডার, পণ্য মজুত, অর্থ পরিশোধ, পণ্য সরবরাহ ও ক্রেতার সঙ্গে যোগাযোগের সুবিধা এক জায়গায় রাখা হয়েছে।

পাঠাও জানিয়েছে, মার্চেন্টদের ব্যবসা পরিচালনা, দক্ষতা বাড়ানো ও ব্যবসা সম্প্রসারণের প্রয়োজনকে সামনে রেখে ‘পাঠাও কমার্স’ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন কাজে ব্যবহৃত একাধিক আলাদা টুলের ওপর নির্ভরতা কমবে এবং দৈনন্দিন কাজ সহজ হবে।

প্ল্যাটফর্মটিতে মার্চেন্টরা পণ্যের তালিকা, অর্ডার, পেমেন্ট, ইনভেন্টরি ও ডেলিভারি ব্যবস্থাপনার পাশাপাশি নিজেদের অনলাইন স্টোর তৈরি করতে পারবেন। এ ছাড়া শপিফাই, উকমার্স ও দারাজের মতো তৃতীয় পক্ষের বিক্রয় চ্যানেলের সঙ্গে এটি যুক্ত করা যাবে। বিক্রয়, অর্ডার, ইনভেন্টরি ও আয়ের তথ্য স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হওয়ায় ব্যবসার সামগ্রিক অবস্থা সহজে জানা যাবে।

পাঠাও কমার্সে ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগমাধ্যমের বার্তা এক জায়গায় দেখার জন্য সমন্বিত চ্যাট ইনবক্স রয়েছে। মেটার আনুষ্ঠানিক সংযোগের মাধ্যমে এসব মাধ্যমের ক্রেতাদের বার্তা ব্যবস্থাপনা করা যাবে। চ্যাটের মধ্যেই অর্ডারের ইতিহাস দেখা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহায়তায় দ্রুত ডেলিভারি-সংক্রান্ত তথ্য যুক্ত করা যাবে।

ক্রেতার সঙ্গে কথোপকথনের মধ্যেই ‘ইনস্ট্যান্ট চেকআউট’ লিংক তৈরি করা যাবে। এর মাধ্যমে ক্রেতা অর্ডার ও পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। অর্ডার হওয়ার পর পিকআপ এজেন্ট মার্চেন্টের ঠিকানায় পৌঁছাবেন এবং ক্রেতাকে স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাকিং লিংক পাঠানো হবে।

পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেন, এতদিন ডেলিভারি সেবা দিয়ে মার্চেন্টদের পাশে থাকার পর এবার ব্যবসা পরিচালনার অন্যান্য ক্ষেত্রেও সহায়তা দিতে ‘পাঠাও কমার্স’ চালু করা হয়েছে

প্ল্যাটফর্মে স্টোরফ্রন্ট কাস্টমাইজ, বিক্রয় ও ইনভেন্টরি পর্যবেক্ষণ এবং অ্যানালিটিকসের সুবিধাও রয়েছে। মার্চেন্টরা তাঁদের পণ্যের তালিকা পাঠাও শপে প্রকাশ করতে পারবেন। পাশাপাশি পণ্য সরবরাহের কাজ স্বয়ংক্রিয় করতে এপিআই সংযোগের সুবিধাও রাখা হয়েছে।

পাঠাও কমার্সে শুরু করতে ভিজিট করতে পারেন নির্ধারিত ওয়েবসাইটে

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন