বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬
সৌরবিদ্যুৎ ও স্মার্ট কৃষিসহ বেরোবির চার উদ্ভাবন
সৌরবিদ্যুৎ, স্মার্ট কৃষি, কার্বন নিঃসরণ শনাক্তকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি নিয়ে চারটি উদ্ভাবনী প্রকল্প তৈরি করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও গবেষকেরা। রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ এসব প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।
বেরোবির প্রদর্শিত চার প্রকল্প হলো সিলিকনভিত্তিক পেরোভস্কাইট সোলার সেল, এগ্রিট্রেস বিডি, কার্বন সেতু ও দেশগার্ড এআই। তিন দিনব্যাপী এ মেলা ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল (শনিবার) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় গবেষণা ও মেধাভিত্তিক উদ্ভাবনকে শুধু ল্যাবরেটরিতে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তরের আহ্বান জানান। গবেষণালব্ধ উদ্ভাবনকে মূলধারার বাজারের সঙ্গে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী অংশ নেন। তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে বিশ্ববিদ্যালয় সব সময় কাজ করছে। ল্যাবরেটরির নতুন আবিষ্কার বাণিজ্যিক বাজারে জায়গা পেলে দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সমৃদ্ধি ত্বরান্বিত হবে।
উপাচার্যের ভাষ্য, ইনোভেশন ফেয়ার তরুণ গবেষকদের জন্য নতুন সম্ভাবনা ও নেটওয়ার্ক তৈরির একটি সুযোগ। এ ধরনের আয়োজন গবেষণার ফলাফলকে বাস্তব প্রয়োগ ও বাণিজ্যিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে সহায়ক হবে।
বেরোবির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সূত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. এমদাদুল হক এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।