এআই এজেন্ট মিউজ নিয়ে বড় বাজি মেটার
মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট মিউজ যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আইফোনে মিউজ ৮৩ হাজারের বেশি বার ডাউনলোড হয়েছে। বর্তমানে অ্যাপটি শুধু যুক্তরাষ্ট্রেই চালু রয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, মিউজের উদ্বোধনী ডাউনলোড সংখ্যা মেটার সাম্প্রতিক কয়েকটি অ্যাপের তুলনায় কম। যুক্তরাষ্ট্রে চালুর প্রথম দিনেই থ্রেডস ৪৩ লাখের বেশি বার ডাউনলোড হয়েছিল। মেটা এআই অ্যাপটি প্রথম দিনে ১ লাখ ৮ হাজার ডাউনলোড পেয়েছিল।
চ্যাটজিপিটির সঙ্গেও মিউজের উদ্বোধনী সাফল্যের পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রে চালুর ছয় দিনের মধ্যে চ্যাটজিপিটির ডাউনলোড ৫ লাখ ছাড়িয়েছিল। তবে মিউজের অবস্থান ধীরে ধীরে উন্নতি করছে। বুধবার যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে চতুর্থ অবস্থানে থাকা অ্যাপটি এক দিনের ব্যবধানে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।
অ্যান্ড্রয়েডে অবশ্য মিউজের অবস্থান তুলনামূলক দুর্বল। গুগল প্লের উৎপাদনশীলতা বিভাগে অ্যাপটি ৩৩৮ নম্বরে রয়েছে। অ্যান্ড্রয়েডে মিউজের ডাউনলোড সংখ্যা এখনো পাওয়া যায়নি। ওয়েব ও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও মিউজ ব্যবহার করা যায়, তবে সেন্সর টাওয়ারের হিসাবের মধ্যে এসব প্ল্যাটফর্মের ব্যবহার ধরা হয়নি।
মিউজকে ভোক্তাকেন্দ্রিক এআই এজেন্টের বাজারে মেটার বড় একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য এমন এআই এজেন্ট তৈরি করা, যা ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে।
এই বাজারে মেটার সঙ্গে প্রতিযোগিতা করছে গুগলের জেমিনি স্পার্ক ও অ্যানথ্রপিকের ক্লড কোওয়ার্কসহ বিভিন্ন এআই এজেন্ট। আলোচনায় থাকা আরেক প্রতিদ্বন্দ্বী ইনস্টিংক্ট খুদে বার্তার মাধ্যমে কাজ করে এবং সম্প্রতি এর মূল্যায়ন ২৫০ কোটি ডলারে পৌঁছেছে।
মিউজ চালুর সময়টিও এর জনপ্রিয়তায় প্রভাব ফেলতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অ্যাপটি ব্যবহারকারীর কাছ থেকে বেশি ব্যক্তিগত তথ্য নেওয়ার পাশাপাশি চালুর কয়েক দিন আগে শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে ২৯টি অঙ্গরাজ্যের করা মামলায় মেটা ১ হাজার ৮শ’ কোটি ডলারের সমঝোতায় পৌঁছায়।