উবারের পর খাবার সরবরাহে গ্রাবহাব বেছে নিয়েছে রোবট

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ১৪:৩৮

উবারের পর খাবার সরবরাহে গ্রাবহাব বেছে নিয়েছে রোবট

উবারের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্ব শেষ হওয়ার পর এবার গ্রাবহাবের সঙ্গে কাজ শুরু করেছে রোবট নির্মাতা প্রতিষ্ঠান সার্ভ রোবোটিকস। গ্রাবহাবের অর্ডার ফুটপাত দিয়ে চলাচলকারী রোবটের মাধ্যমে সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও আলেকজান্দ্রিয়ায় এ সেবা চালু হবে। সার্ভ রোবোটিকস এর আগে উবার ইটস ও ডোরড্যাশের অর্ডার রোবটের মাধ্যমে সরবরাহ করেছে।

আগামী বছরের শুরুতে উবারের সঙ্গে সার্ভের চুক্তির মেয়াদ শেষ হবে। অর্ডারের পরিমাণ কমে যাওয়া ও দুই প্রতিষ্ঠানের ভিন্নমতের কারণে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সার্ভ।

বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী- সার্ভের প্রধান নির্বাহী আলি কাশানি বলেন, ‘গ্রাবহাবের সঙ্গে অংশীদারত্বসহ নতুন উদ্যোগের মাধ্যমে উবারের কাছ থেকে হারানো অর্ডার সময়ের সঙ্গে পূরণ হবে। এতে প্রতিষ্ঠানটি আরও দ্রুত বাড়বে বলে তারা আশা করছেন।’

এদিকে ডোরড্যাশের সঙ্গে ক্যালিফোর্নিয়ার সান হোসে ও ওয়াশিংটন ডিসিতেও সেবা চালু করেছে সার্ভ। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির সপ্তম ও অষ্টম বড় বাজার যুক্ত হলো।

নতুন বাজারে দ্রুত প্রবেশের জন্য মিয়ামিতে ‘মাইক্রো ডিপো’ চালু করছে সার্ভ। এসব ছোট স্থাপনায় রোবট রাখা, চার্জ দেওয়া, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ হবে। বড় স্থাপনার তুলনায় এগুলো দ্রুত ও কম খরচে তৈরি করা যায়।

গ্রাবহাবের মূল প্রতিষ্ঠান ওয়ান্ডারও খাবার সরবরাহে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে। শ্রম ব্যয় কমাতে জুনে প্রতিষ্ঠানটি জানায়, আগামী জানুয়ারি থেকে টেক্সাসে ড্রোনের মাধ্যমে খাবার সরবরাহ চালু করবে।

এ ছাড়া সার্ভ নতুন প্রজন্মের ‘মক্সি’ হাসপাতাল রোবট বাজারে আনার কাজ শুরু করেছে। এ বছরের শুরুতে ফিজিক্যাল এআই প্রতিষ্ঠান ডিলিজেন্ট রোবোটিকস অধিগ্রহণের পর স্বাস্থ্যসেবা খাতে রোবটের ব্যবহার বাড়িয়ে আয়ের উৎস বৈচিত্র্যময় করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন