১১০ দেশে স্পাইওয়্যার হামলার সতর্কবার্তা পাঠিয়েছে অ্যাপল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ১৪:০৬

১১০ দেশে স্পাইওয়্যার হামলার সতর্কবার্তা পাঠিয়েছে অ্যাপল

বিশ্বের বিভিন্ন দেশে স্পাইওয়্যার হামলার ঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের নতুন করে সতর্কবার্তা পাঠিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১১০টি দেশের কিছু ব্যবহারকারীকে এমন নোটিফিকেশন পাঠানো হয়েছে, যাদের ডিভাইস সরকার-সমর্থিত বা ভাড়াটে স্পাইওয়্যার হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারে।

অ্যাপলের ভাষ্য, এসব হামলার মাধ্যমে আইফোন, আইপ্যাড বা ম্যাকে অনুপ্রবেশের চেষ্টা করা হতে পারে। এ কারণে ঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের সরাসরি ডিভাইসের লক স্ক্রিনে পুশ নোটিফিকেশন পাঠানো হয়েছে। পাশাপাশি ই-মেইল এবং অ্যাপল অ্যাকাউন্টে লগইনের সময়ও সতর্কবার্তা দেখানো হচ্ছে।

প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত নতুন সহায়তা নির্দেশিকায় জানিয়েছে, সতর্কবার্তায় ব্যবহারকারীকে দ্রুত নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে। বার্তায় উল্লেখ থাকবে, আইফোনকে লক্ষ্য করে ভাড়াটে স্পাইওয়্যার হামলার চেষ্টা শনাক্ত করা হয়েছে এবং তথ্য ও ডিভাইস সুরক্ষায় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অ্যাপল বলছে, এমন বার্তা পাওয়া মানেই ডিভাইস হ্যাক হয়েছে, বিষয়টি এমন নয়। তবে সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের ‘লকডাউন মোড’ চালুর পরামর্শ দেওয়া হচ্ছে। অ্যাপলের দাবি, এখন পর্যন্ত লকডাউন মোড সক্রিয় থাকা কোনো ডিভাইস স্পাইওয়্যারে আক্রান্ত হওয়ার ঘটনা তাদের নজরে আসেনি।

ডিজিটাল গবেষণা প্রতিষ্ঠান সিটিজেন ল্যাবের জ্যেষ্ঠ গবেষক জন স্কট-রেইলটন বলেন,‘অ্যাপলের নতুন সতর্কবার্তা ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি কার্যকর। এতে ঝুঁকিতে থাকা ব্যক্তিরা দ্রুত সহায়তা চাইতে পারেন এবং অনেক ক্ষেত্রে বৃহৎ পরিসরের নজরদারি বা স্পাইওয়্যার ব্যবহারের ঘটনা তদন্তের সুযোগ তৈরি হয়।’

অ্যাপলের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৫০টির বেশি দেশের ব্যবহারকারীদের এ ধরনের সতর্কবার্তা পাঠানো হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে সরকার-ব্যবহৃত স্পাইওয়্যারের বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে সাংবাদিক, মানবাধিকারকর্মী, গবেষক ও নাগরিক সমাজের সদস্যদের বিরুদ্ধে নজরদারির ঘটনাও বেড়েছে। এমন পরিস্থিতিতে অ্যাপলের এসব সতর্কবার্তা গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন