অ্যাপ স্টোর বিতর্কে নতুন অবস্থানে অ্যাপল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ১১:৪৭

অ্যাপ স্টোর বিতর্কে নতুন অবস্থানে অ্যাপল

অ্যাপ স্টোরের বাইরে থাকা লিংকের মাধ্যমে আইফোন ও আইপ্যাডের অ্যাপে কেনাকাটার ক্ষেত্রে নতুন কমিশন কাঠামো প্রস্তাব করেছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট আদালতে জমা দেওয়া নথিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাধারণ অ্যাপের ক্ষেত্রে বাহ্যিক লিংকের মাধ্যমে হওয়া কেনাকাটায় ১৫ শতাংশ কমিশন নিতে চায় তারা।

প্রস্তাব অনুযায়ী, অ্যাপলের ক্ষুদ্র ব্যবসা কর্মসূচিতে থাকা ডেভেলপারদের কমিশন দিতে হবে ৫ শতাংশ। আর ভিডিও পার্টনার, নিউজ পার্টনার ও মিনি অ্যাপস পার্টনার কর্মসূচিতে থাকা ডেভেলপারদের জন্য কমিশনের হার হবে ১০ শতাংশ। সাবস্ক্রিপশন নবায়নের ক্ষেত্রেও ১০ শতাংশ কমিশন রাখার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপ স্টোরের কমিশন নীতি নিয়ে গেম নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমসের সঙ্গে কয়েক বছর ধরে আইনি লড়াই চলছে অ্যাপলের। এই মামলার অংশ হিসেবে আদালত অ্যাপ স্টোরের বাইরে লেনদেনের ক্ষেত্রে কমিশন কাঠামো সম্পর্কে ব্যাখ্যা দিতে বলেছিল।

এর আগে অ্যাপল চেয়েছিল বিষয়টি নিয়ে নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত রাখতে। তাদের যুক্তি ছিল, বাহ্যিক লিংকের মাধ্যমে কেনাকাটায় ২৭ শতাংশ কমিশন আরোপ এবং ডেভেলপারদের জন্য আরোপিত কিছু বিধিনিষেধ নিয়ে সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট একটি বিষয় বিচারাধীন রয়েছে।

তবে বৃহস্পতিবার (১৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের কার্যক্রম স্থগিতের আবেদন নাকচ করে দেয়। এর ফলে অ্যাপলকে তাদের প্রস্তাবিত কমিশন কাঠামো প্রকাশ করতে হয়েছে।

অ্যাপলের দাবি, অ্যাপ স্টোর, সফটওয়্যার, প্রযুক্তি ও বিভিন্ন সেবা পরিচালনায় যে বিনিয়োগ করা হয়, তার খরচ পুনরুদ্ধারের জন্য এ ধরনের কমিশন নেওয়ার সুযোগ থাকা উচিত।

নিজেদের অবস্থানের পক্ষে গুগল প্লের উদাহরণও দিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, গুগল প্লে সাধারণ অ্যাপের ক্ষেত্রে ২০ শতাংশ, বিশেষ কর্মসূচিতে থাকা অ্যাপের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং সাবস্ক্রিপশন নবায়নের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন নেয়। অ্যাপলের দাবি, এপিক গেমসও অতীতে এসব হার মেনে নিয়েছিল

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন