জেমিনিতে আসছে জলছাপ নিয়ন্ত্রণের বিশেষ সুবিধা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ১৩:১৮

জেমিনিতে আসছে জলছাপ নিয়ন্ত্রণের বিশেষ সুবিধা
ছবি: সংগৃহীত

জেমিনি ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। শিগগিরই এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও ও অডিও কনটেন্টে থাকা দৃশ্যমান জলছাপ (ওয়াটারমার্ক) চালু বা বন্ধ করার সুযোগ মিলবে। তবে দৃশ্যমান চিহ্ন সরিয়ে ফেললেও কনটেন্টটি যে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি হয়েছে, সেই তথ্য প্রযুক্তিগতভাবে সংরক্ষিত থাকবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৪ আগস্ট) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে গুগল। নতুন সুবিধাটি জেমিনি, ফ্লো এবং গুগলের কয়েকটি এআই মডেলে যুক্ত করা হবে।

গুগলের জেমিনি বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড বলেন, ‘ব্যবহারকারীরা দৃশ্যমান জলছাপ বন্ধ করতে পারলেও গোপন জলছাপ ও অন্যান্য শনাক্তকারী তথ্য অপরিবর্তিত থাকবে। ফলে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কনটেন্ট এআই দিয়ে তৈরি কি না, তা যাচাই করা সম্ভব হবে।’

এ কাজে গুগল ব্যবহার করছে ‘সিন্থআইডি’ নামের একটি প্রযুক্তি। এটি এমন এক ধরনের অদৃশ্য ডিজিটাল চিহ্ন, যা কনটেন্টের ভেতরে সংযুক্ত থাকে কিন্তু সাধারণভাবে দেখা যায় না

গুগলের মতে, দৃশ্যমান জলছাপ অনেক সময় ছবি বা ভিডিওর নকশা, উপস্থাপন ও ব্যবহারে সীমাবদ্ধতা তৈরি করে। বিশেষ করে পেশাদার কাজ বা সৃজনশীল প্রকল্পে এটি অনাকাঙ্ক্ষিত বাধা হয়ে দাঁড়াতে পারে। সেই কারণে ব্যবহারকারীদের আরও স্বাধীনতা দিতে এ পরিবর্তন আনা হচ্ছে।

তবে এআই-নির্মিত কনটেন্ট শনাক্ত করার সক্ষমতা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। তাই দৃশ্যমান জলছাপ অপসারণের সুযোগ দেওয়া হলেও গোপন শনাক্তকরণ ব্যবস্থা বহাল থাকবে।

গুগল জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই ফিচারটি চালু হতে পারে। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা জেমিনির সেটিংস থেকে দৃশ্যমান জলছাপ প্রদর্শন বা বন্ধ করার অপশন পাবেন।

এ ছাড়া ‘ক্রেডেনশিও’ নামে নতুন একটি সফটওয়্যারও উন্মুক্ত করছে গুগল। এর মাধ্যমে সফটওয়্যার নির্মাতারা নিজেদের প্ল্যাটফর্মে স্থানীয়ভাবে কনটেন্ট যাচাইয়ের সুবিধা যুক্ত করতে পারবেন।

এআই-তৈরি কনটেন্টের পরিচয় নিশ্চিত করার প্রযুক্তি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, গুগলের নতুন পদক্ষেপ একদিকে ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দেবে, অন্যদিকে কনটেন্টের উৎস শনাক্ত করার ব্যবস্থাও অক্ষুণ্ন রাখবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন