ভিয়েতনামে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করেছে স্টারলিংক

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ১৭:১২

ভিয়েতনামে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করেছে স্টারলিংক

ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ভিয়েতনামে অর্ডার নেওয়া শুরু করেছে। এর মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার ষষ্ঠ দেশ হিসেবে স্টারলিংকের সেবা পেল ভিয়েতনাম।

প্রতিষ্ঠানটির স্থানীয় ওয়েবসাইটে দেখা গেছে, ভিয়েতনামের গ্রাহকেরা এখন স্টারলিংকের আবাসিক ইন্টারনেট সেবার জন্য অগ্রিম অর্থ জমা দিয়ে নিবন্ধন করতে পারবেন। আবাসিক প্যাকেজের মাসিক খরচ ধরা হয়েছে ১১ লাখ ৩০ হাজার ভিয়েতনামি ডং (প্রায় ৪৩ মার্কিন ডলার)। এ ছাড়া প্রয়োজনীয় হার্ডওয়্যারের জন্য দিতে হবে ৮৬ লাখ ৬০ হাজার ডং।

করপোরেট গ্রাহকদের জন্য সর্বনিম্ন মাসিক প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ লাখ ৮০ হাজার ডং

স্টারলিংকের কভারেজ মানচিত্র অনুযায়ী, ভিয়েতনামের আগে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও পূর্ব তিমুরে সেবাটি চালু হয়েছে।

ভিয়েতনাম সরকার ২০২৫ সালের মার্চে পরীক্ষামূলক ভিত্তিতে স্টারলিংক পরিচালনার অনুমোদন দেয়। একই সঙ্গে বিদেশি মালিকানার সীমাবদ্ধতা শিথিল করে স্পেসএক্সকে দেশটিতে সেবা চালুর সুযোগ দেওয়া হয়।

সরকার পরীক্ষামূলক মেয়াদে সর্বোচ্চ ৬ লাখ গ্রাহককে সেবার আওতায় আনার অনুমতি দিয়েছে। এ অনুমোদনের মেয়াদ ২০৩০ সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।

স্টারলিংকের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস ভিয়েতনাম ২০২৫ সালের সেপ্টেম্বরে ৩ হাজার কোটি ডং অনুমোদিত মূলধন নিয়ে প্রতিষ্ঠিত হয়। ভিয়েতনাম সরকার প্রতিষ্ঠানটির জন্য চারটি গ্রাউন্ড গেটওয়ে স্টেশন স্থাপনেরও অনুমোদন দিয়েছে।

সূত্র : রয়টার্স

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন