কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আলাদা সুবিধা চালু করেছে ফেসবুক
কনটেন্ট নির্মাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ আলাদা ক্রিয়েটর স্টুডিও অ্যাপ চালু করেছে ফেসবুক। নতুন অ্যাপটি নির্মাতাদের দর্শক বাড়ানো, কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণ এবং অনুসারীদের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে সহায়তা করবে।
গতকাল (১২ আগস্ট) ফেসবুক জানিয়েছে, কয়েক সপ্তাহের পরীক্ষামূলক ব্যবহারের পর আইওএস প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে অ্যাপটি চালু করা হয়েছে। এতে ফেসবুকের এআইভিত্তিক ক্রিয়েটর সহকারী যুক্ত করা হয়েছে, যা নির্মাতার কনটেন্টের ধরন, পারফরম্যান্স, দর্শকদের সম্পৃক্ততা এবং নির্ধারিত লক্ষ্য বিশ্লেষণ করে ব্যক্তিগত পরামর্শ দেবে।
সাধারণত কনটেন্টের ফলাফল বুঝতে নির্মাতাদের বিভিন্ন ড্যাশবোর্ড ও পরিসংখ্যান ঘাঁটতে হয়। নতুন অ্যাপে তারা সরাসরি জানতে পারবেন, কখন পোস্ট করা সবচেয়ে উপযোগী বা মন্তব্যে দর্শকেরা কী বলছেন। প্রয়োজনে সহকারীকে অতিরিক্ত প্রশ্নও করা যাবে।
অ্যাপটিতে আরও রয়েছে এআইচালিত মন্তব্য ব্যবস্থাপনা সুবিধা। এটি গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আলাদা করে দেখাবে এবং নির্মাতার ভাষাশৈলী অনুযায়ী সম্ভাব্য উত্তরও তৈরি করে দেবে। নির্মাতারা চাইলে সেগুলো সম্পাদনা করে প্রকাশ করতে পারবেন।
প্রতিদিন অ্যাপ খুললে নির্মাতারা একটি অগ্রাধিকার তালিকা দেখতে পাবেন। সেখানে সর্বশেষ পোস্টের পারফরম্যান্স, লক্ষ্য অর্জনের অগ্রগতি এবং উত্তর প্রয়োজন এমন মন্তব্যের তথ্য থাকবে।
টিকটক ও ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় নির্মাতাদের ফেসবুকে আরও সক্রিয় রাখতে এই উদ্যোগ নিয়েছে মেটা। একই সঙ্গে কনটেন্ট আইডিয়া তৈরি ও বিশ্লেষণের ক্ষেত্রে তৃতীয় পক্ষের এআই টুলের ওপর নির্ভরতা কমাতেও এটি সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার সব আইওএস ব্যবহারকারী নির্মাতার জন্য ক্রিয়েটর স্টুডিও অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে।