আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের তিন ব্রোঞ্জপদক

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ৮ আগস্ট ২০২৬, ১১:৩১

আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের তিন ব্রোঞ্জপদক
বাংলাদেশ দলের তিন ব্রোঞ্জপদকজয়ী (বাঁ থেকে)- নটর ডেম কলেজের মোবতাসিম চৌধুরী, হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের লাবিব শাহরিয়ার এবং মৌলভীবাজার সরকারি কলেজের মো. সাইদুজ্জামান

আন্তর্জাতিক অঙ্গনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিযোগিতায় ধারাবাহিক উন্নতির প্রমাণ রাখছে বাংলাদেশ। তৃতীয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে (আইওএআই ২০২৬) অংশ নিয়ে দেশের শিক্ষার্থীরা অর্জন করেছে তিনটি ব্রোঞ্জপদক।

গতকাল (৭ আগস্ট) কাজাখস্তানে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

বাংলাদেশ দলের হয়ে ব্রোঞ্জপদক জয় করেন কুমিল্লার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাইদুজ্জামান এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোবতাসিম চৌধুরী। একই দলে চতুর্থ সদস্য হিসেবে অংশ নেয় মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অনন্য যারিফ আকন্দ।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) জানায়, এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১০৭টি দেশ থেকে মোট ৪৩৭ জন প্রতিযোগী অংশ নেয়। ২ আগস্ট উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনের অংশ হিসেবে ৪ ও ৬ আগস্ট অনুষ্ঠিত হয় দুটি একক মেশিন লার্নিংভিত্তিক প্রতিযোগিতা। প্রতিযোগীদের প্রতিদিন ছয় ঘণ্টার মধ্যে তিনটি করে সমস্যা সমাধান করতে হয়। পাশাপাশি আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের নিয়ে দলগত কার্যক্রমও অনুষ্ঠিত হয়।

পদকজয়ীদের একজন সাইদুজ্জামান বলেন, ‘একটি পদক অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তার মতে, পরবর্তী অংশগ্রহণকারীরা যেন এই অর্জন থেকে উৎসাহ পায়, সেটিই তাদের মূল লক্ষ্য ছিল।’

বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন। তিনি বলেন, ‘প্রথম আসরে বাংলাদেশ কোনো পদক অর্জন করতে পারেনি, তবে দ্বিতীয় আসরে দুটি এবং এবারের আসরে তিনটি ব্রোঞ্জপদক অর্জন করেছে দল। এতে করে বাংলাদেশের পারফরম্যান্সে ধারাবাহিক উন্নতি স্পষ্ট হচ্ছে, যদিও আরও ভালো করার সুযোগ রয়েছে।’

দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজম খান।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন