শিশুদের জন্য ডিজিটাল অর্থ ব্যবস্থাপনায় নতুন সুবিধা এনেছে গুগল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ১২:২২

শিশুদের জন্য ডিজিটাল অর্থ ব্যবস্থাপনায় নতুন সুবিধা এনেছে গুগল
ছবি : টেকক্রাঞ্চ

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ঘোষণা দিয়েছে, তাদের ডিজিটাল ওয়ালেট সেবায় এখন ১৮ বছরের কম বয়সীদের জন্য নিরাপদ ব্যালান্স তৈরি করতে পারবেন অভিভাবকেরা। নতুন এই ফিচারের মাধ্যমে শিশুর আর্থিক অভ্যাস গড়ে তুলতে সহায়তা করার পাশাপাশি তাদের খরচের ওপর নজরদারি রাখার সুযোগ থাকবে।

অভিভাবকেরা প্রতিদিনের খরচের সীমা নির্ধারণ করতে পারবেন, সন্তানের লেনদেনের ইতিহাস পর্যালোচনা করতে পারবেন এবং প্রতিবার কেনাকাটার সময় নোটিফিকেশন পেতে পারবেন। এছাড়া সন্তানের ডিভাইস হারিয়ে গেলে অ্যাকাউন্ট লক বা আনলক করা যাবে এবং প্রয়োজনে সাময়িকভাবে খরচ বন্ধ রাখার ব্যবস্থাও রাখা হয়েছে।

এই নতুন ফিচারের মাধ্যমে গুগল ওয়ালেট প্রতিযোগী আর্থিক সেবাগুলোর সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, যেমন অ্যাপল ক্যাশ ফ্যামিলি, যেখানে অভিভাবকেরা সন্তানের কাছে অর্থ পাঠাতে এবং খরচ নিয়ন্ত্রণ করতে পারেন।

এছাড়াও ফ্যামজু এবং গ্রিনলাইটের মতো সেবার সঙ্গে প্রতিযোগিতায় নামছে গুগল, যেগুলো প্রিপেইড ডেবিট কার্ডের মাধ্যমে শিশুদের আর্থিক শিক্ষায় সহায়তা করে।

শিশুরা তাদের অ্যান্ড্রয়েড বা ওয়্যার ওএস চালিত ডিভাইস ব্যবহার করে যেখানে গুগল পে গ্রহণযোগ্য, সেখানে সহজেই ট্যাপ করে অর্থ পরিশোধ করতে পারবে। গুগল মনে করছে, এই ফিচারের মাধ্যমে শিশুদের ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই নিজের অর্থ ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে।

এই আপডেটটি বর্তমানে যুক্তরাষ্ট্রে চালু করা হচ্ছে। অন্যান্য অঞ্চলে কবে এটি চালু হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত বছর গুগল এমন একটি ফিচার চালু করেছিল, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু দেশে অভিভাবকেরা তাদের সন্তানের অ্যান্ড্রয়েড ডিভাইসে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের অনুমতি দিতে পারেন। সেক্ষেত্রে পেমেন্ট কার্ড যুক্ত করতে অভিভাবকের সম্মতি প্রয়োজন হয় এবং প্রতিটি লেনদেনের জন্য ইমেইল নোটিফিকেশন পাঠানো হয়।

এছাড়া সেই আপডেটের মাধ্যমে শিশুরা ইভেন্ট টিকিট, লাইব্রেরি কার্ড ও গিফট কার্ডের মতো পাস ব্যবহারের সুবিধাও পায়

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন