জোরপূর্বক ইনস্টল হওয়া এক্সটেনশনের বিরুদ্ধে কঠোর হচ্ছে ক্রোম
জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোমে জোরপূর্বক ইনস্টল হওয়া এক্সটেনশনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে গুগল। নতুন একটি নিরাপত্তা ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর অনুমতি ছাড়া ইনস্টল হওয়া বা ব্রাউজারের সেটিংস পরিবর্তনকারী এক্সটেনশন স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা হবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ব্লিপিংকম্পিউটার জানিয়েছে, এই ফিচারটি এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের পর এটি ডিফল্টভাবে চালু করা হতে পারে।
গুগলের প্রকৌশলী আনুনয় ঘোষ জানিয়েছেন, অনেক সময় ক্ষতিকর সফটওয়্যার সাধারণ ব্যবহারকারীদের ডিভাইসে জোরপূর্বক এক্সটেনশন ইনস্টল করে। এসব এক্সটেনশন নতুন ট্যাব পেজ পরিবর্তন করে, ডিফল্ট সার্চ ইঞ্জিন বদলে দেয় এবং ব্যবহারকারীদের সন্দেহজনক ওয়েবসাইটে পাঠায়।
বর্তমানে ক্রোমে প্রতিষ্ঠানভিত্তিক নীতিমালার মাধ্যমে নির্দিষ্ট এক্সটেনশন ইনস্টল ও নিয়ন্ত্রণ করা যায়। তবে এই সুবিধা অপব্যবহার করে ম্যালওয়্যার ব্যবহারকারীর অজান্তে ব্রাউজারের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে।
নতুন ফিচার চালু হলে
- জোরপূর্বক ইনস্টল করা এক্সটেনশন স্বয়ংক্রিয়ভাবে ব্লক হবে
- নতুন ট্যাব ও সার্চ ইঞ্জিন পরিবর্তনের চেষ্টা ব্যর্থ হবে
- একই এক্সটেনশন বারবার ইনস্টল করার চেষ্টা বন্ধ হবে
এছাড়া, ব্যবহারকারী নিজে ইনস্টল করা কোনো এক্সটেনশনকে আর জোর করে নিয়ন্ত্রিত অবস্থায় নেওয়া যাবে না। ফলে ব্যবহারকারীরা সহজেই তা মুছে ফেলতে বা বন্ধ করতে পারবেন।
আরও জানা গেছে, কোনো ডিভাইস আগে কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকলেও পরে সেই নিয়ন্ত্রণ না থাকলে, সংশ্লিষ্ট সন্দেহজনক এক্সটেনশন স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেবে ক্রোম।
গুগল এই ফিচারের মাধ্যমে কতবার এ ধরনের হুমকি তৈরি হচ্ছে এবং কতবার তা প্রতিরোধ করা যাচ্ছে, সে তথ্যও সংগ্রহ করবে বলে জানিয়েছে।
তবে প্রয়োজন হলে বৈধ প্রতিষ্ঠানের জন্য এই সুরক্ষা সাময়িকভাবে বন্ধ রাখার সুযোগ থাকবে।
বর্তমানে ফিচারটি পরীক্ষাধীন থাকায় এখনই এটি সব ব্যবহারকারীর জন্য চালু হচ্ছে না। অনুমোদন পেলে ভবিষ্যতে এটি ক্রোমে ডিফল্টভাবে যুক্ত হবে।
সূত্র : ব্লিপিং কম্পিউটার