এআই নির্ভর প্যারেন্টিং প্রস্তাবে অল্টম্যানকে ঘিরে ট্রল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২ আগস্ট ২০২৬, ১২:১৯

এআই নির্ভর প্যারেন্টিং প্রস্তাবে অল্টম্যানকে ঘিরে ট্রল

শিশু লালন-পালনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে নতুন করে বিতর্কে পড়েছেন স্যাম অল্টম্যান। চ্যাটজিপিটি ব্যবহার করে পারিবারিক সময় ও সন্তানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার একটি ধারণা প্রকাশ করার পর সামাজিক মাধ্যমে তাকে ঘিরে সমালোচনা ও ট্রল শুরু হয়।

সম্প্রতি এক পোস্টে অল্টম্যান জানান, অভিভাবকরা চাইলে পরিবারের সময়সূচি ও শিশুদের আগ্রহের তথ্য চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করতে পারেন। এরপর প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার পথে এটি স্বয়ংক্রিয়ভাবে একটি অডিও তৈরি করবে, যেখানে থাকবে সন্তানের খেলাধুলা, জন্মদিন বা গুরুত্বপূর্ণ ঘটনার আপডেট এবং কিছু সাম্প্রতিক খবর।

তার এই প্রস্তাব অনেকের কাছে অতিরিক্ত প্রযুক্তিনির্ভর মনে হয়েছে। গ্র্যাভিটি ফলস নামের অ্যানিমেশন ধারাবাহিকের নির্মাতা অ্যালেক্স হির্শ সরাসরি প্রশ্ন তোলেন, অভিভাবকরা কি নিজেরাই সন্তানের সঙ্গে কথা বলতে পারেন না। তার এই মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্টম্যানের বক্তব্যের চেয়েও বেশি প্রতিক্রিয়া পায়।

এ ধরনের মন্তব্য প্রযুক্তি জগতে নতুন নয়। এর আগে সত্য নাদেলা জানিয়েছেন, তিনি গাড়িতে যাওয়ার সময় প্রিয় অনুষ্ঠান শোনার বদলে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তার সারসংক্ষেপ জেনে নেন।

অল্টম্যান অতীতেও সন্তান লালন-পালনে চ্যাটজিপিটির সহায়তার কথা বলেছেন। এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানান, নবজাতক সন্তানের যত্ন নেওয়ার সময় এই প্রযুক্তি তার জন্য সহায়ক ছিল। যদিও তিনি স্বীকার করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়াও মানুষ দীর্ঘদিন ধরে সফলভাবে সন্তান লালন-পালন করে আসছে।

এদিকে ওপেনএআই পরিবার ও অভিভাবকদের জন্য নতুন সুবিধা উন্নয়নে কাজ করছে। পাশাপাশি মেটা শিশুদের জন্য গল্প বলার মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছে

তবে সমালোচনার পাশাপাশি উদ্বেগও রয়েছে। কিছু ক্ষেত্রে অভিযোগ উঠেছে, চ্যাটজিপিটির ওপর অতিরিক্ত নির্ভরতা মানসিক বিভ্রান্তি বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এসব বিষয়ে প্রতিষ্ঠানগুলো বলছে, সংবেদনশীল পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিক্রিয়া আরও উন্নত করার কাজ চলছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন