নতুন ‘ওপাস ৫’ মডেল উন্মোচন করেছে অ্যানথ্রপিক
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে আরও অগ্রগতি আনতে নতুন মডেল ‘ওপাস ৫’ উন্মোচন করেছে অ্যানথ্রপিক। এটি তাদের শক্তিশালী মডেল সিরিজের সর্বশেষ সংস্করণ, যা আগের তুলনায় আরও কার্যকর এবং ব্যবহারবান্ধব হিসেবে তৈরি করা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওপাস ৫ আকারে ‘ফেবল ৫’-এর তুলনায় কিছুটা ছোট হলেও এটি খরচে কম এবং ব্যবহারে কম সীমাবদ্ধ। ফলে বিভিন্ন কাজে এটি বেশি উপযোগী হতে পারে। এমনকি ঘোষণায় উল্লেখ করা হয়েছে, একাধিক মানদণ্ডে ওপাস ৫ পারফরম্যান্সের দিক থেকে ফেবল ৫-কে ছাড়িয়ে গেছে।
নতুন এই মডেলটি ‘ওপাস ৪.৮’ উন্মোচনের মাত্র দুই মাসের মধ্যেই বাজারে আনা হলো। এর আগে জুন মাসে ‘মাইথোস ৫’, ‘ফেবল ৫’ এবং ‘সনেট ৫’ উন্মোচন করা হয়েছিল। এখন কেবল হালকা সংস্করণের ‘হাইকু’ মডেলের আপডেট বাকি রয়েছে।
অ্যানথ্রপিক বলছে, ওপাস ৫ নিজস্ব কাজ যাচাই এবং ধাপে ধাপে উন্নতির ক্ষেত্রে অনেক বেশি দক্ষ। উদাহরণ হিসেবে তারা জানিয়েছে, অসম্পূর্ণ নির্দেশনা থেকেও এটি নিজে থেকেই একটি কম্পিউটার ভিশন প্রক্রিয়া তৈরি করতে সক্ষম হয়েছে।
গোপনীয়তার দিক থেকেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ফেবল ও মাইথোস মডেলের মতো ৩০ দিনের ডেটা সংরক্ষণ নীতির আওতায় ওপাস ৫ পড়ে না, যা ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন ব্যবহারকারীদের জন্য স্বস্তির বিষয়।
তবে নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি শিথিল করা হয়নি। বিশেষ করে সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট কাজ, যেমন সফটওয়্যারের দুর্বলতা খোঁজা বা আক্রমণমূলক পরীক্ষা চালানোর ক্ষেত্রে এখনো কড়াকড়ি রয়েছে। উদাহরণস্বরূপ, কোনো সফটওয়্যারের বাইনারি ফাইল স্ক্যান করে দুর্বলতা খুঁজতে এটি ব্যবহার করা যাবে না, যদিও সোর্স কোড বিশ্লেষণের ক্ষেত্রে কিছুটা অনুমতি রয়েছে।
অ্যানথ্রপিক আরও জানিয়েছে, ওপাস ৫-এ নিরাপত্তা ফিল্টার আগের তুলনায় কম সক্রিয় হবে, ফলে ব্যবহারকারীরা কম বাধার মুখে পড়বেন। পাশাপাশি ‘অটোমেটিক ফলব্যাকস’ নামে একটি নতুন সুবিধা চালু করা হয়েছে, যেখানে কোনো অনুরোধ নিরাপত্তা কারণে বাধাগ্রস্ত হলে তা স্বয়ংক্রিয়ভাবে অপেক্ষাকৃত কম ক্ষমতাসম্পন্ন মডেলে পাঠানো হবে। এতে ব্যবহারকারীরা ত্রুটির বার্তার বদলে কার্যকর উত্তর পাবেন।
সূত্র : টেকক্রাঞ্চ