আন্তর্জাতিক এআই লিডারশিপ পুরস্কারে সম্মানিত বাক্কো
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম (আইএআইআইএলসি) প্রেস্টিজ অ্যাওয়ার্ড ২০২৬-এ ভূষিত হয়েছে। নেতৃত্ব, উদ্ভাবন, সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে এক অনুষ্ঠানে পুরস্কারটি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি, আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করেন। বাক্কোর পক্ষে সাধারণ সম্পাদক ফয়সল আলিম পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, উদ্ভাবন প্রসার, সুশাসন জোরদার, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং সাইবার নিরাপত্তায় ভূমিকার জন্য বাক্কোকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
এ ছাড়া টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতেও সংগঠনটির অবদান উল্লেখ করা হয়। এসব ক্ষেত্রেই তাদের ধারাবাহিক সাফল্য পুরস্কার পাওয়ার ভিত্তি হিসেবে বিবেচিত হয়েছে।
এই স্বীকৃতি দেশের বিপিও ও আইটিইএস খাতের বিকাশে বাক্কোর ভূমিকার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। সংগঠনটি নীতি সহায়তা, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক অংশীদারিত্বে কাজ করে যাচ্ছে।
পুরস্কার গ্রহণের পর ফয়সল আলিম বলেন, ‘এই অর্জন দেশের বিপিও ও আইটিইএস খাতের জন্য গর্বের। আমরা এটি আমাদের সদস্য ও সংশ্লিষ্ট সবার প্রতি উৎসর্গ করছি।’
তিনি আরও বলেন, বৈশ্বিক মানের টেকসই ও উদ্ভাবনী ডিজিটাল সেবা খাত গড়ে তুলতে বাক্কো কাজ চালিয়ে যাবে।
এই স্বীকৃতির জন্য বাক্কো আইএআইআইএলসি ও ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশন (ইউএইচএফ)-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।