নতুন প্রজন্মের সামনে চ্যালেঞ্জ তুলে ধরলেন জাকারবার্গ

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২২ জুলাই ২০২৬, ১৭:৫৪

নতুন প্রজন্মের সামনে চ্যালেঞ্জ তুলে ধরলেন জাকারবার্গ
ছবি : সংগৃহীত

সাফল্যকে সাধারণত ব্যক্তিগত অর্জনের মাধ্যমে মূল্যায়ন করা হয়। ভালো চাকরি, আর্থিক স্বচ্ছলতা বা পছন্দের ক্যারিয়ার গড়ে তোলাকেই অনেকেই জীবনের লক্ষ্য মনে করেন। তবে ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

তার এক বহুল আলোচিত বক্তব্যে তিনি বলেন,‘নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া যথেষ্ট নয়। বরং নতুন প্রজন্মের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এমন একটি বিশ্ব তৈরি করা, যেখানে সবাই নিজের উদ্দেশ্য খুঁজে পাওয়ার সুযোগ পায়।’

এই বক্তব্য তিনি ২০১৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে দেন। সময়ের সঙ্গে সঙ্গে তার এই চিন্তাধারা আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কারণ এটি ব্যক্তিগত সাফল্যের সীমা ছাড়িয়ে সমাজের প্রতি দায়িত্বের কথা তুলে ধরে।

জাকারবার্গের মতে, ব্যক্তিগত লক্ষ্য অর্জন তখনই অর্থবহ হয়, যখন তা অন্যদের জন্য সুযোগ তৈরি করে। অর্থাৎ, সাফল্য শুধু নিজের উন্নতিতে সীমাবদ্ধ না থেকে অন্যদের পথচলাকে সহজ করার মধ্যেও নিহিত।

তিনি তরুণদের আহ্বান জানান, তারা যেন কেবল নিজের ভবিষ্যৎ নিয়ে না ভেবে সমাজের বৃহত্তর কল্যাণের দিকেও মনোযোগ দেয়। শিক্ষা, কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুললে আরও বেশি মানুষ নিজেদের সম্ভাবনা কাজে লাগাতে পারবে।

বিশেষজ্ঞদের মতে, ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। অন্যকে সহায়তা করা, জ্ঞান ভাগাভাগি করা বা কাউকে পথ দেখানো একজন মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রকৃত সাফল্য শুধু ব্যক্তিগত অর্জনে নয়, বরং অন্যদের জন্য কতটা সুযোগ তৈরি করা গেল, তার ওপরও নির্ভর করে।

সূত্র : টাইস অব ইন্ডিয়া

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন