সাইবার নিরাপত্তায় প্রতিযোগিতায় গুগলের নতুন উদ্যোগ

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২২ জুলাই ২০২৬, ১৬:৪১

সাইবার নিরাপত্তায় প্রতিযোগিতায় গুগলের নতুন উদ্যোগ
ছবি : সংগৃহীত

সাইবার নিরাপত্তা খাতে প্রতিযোগিতা বাড়তে থাকায় নতুন উদ্যোগ নিয়ে সামনে এসেছে গুগল। প্রযুক্তি প্রতিষ্ঠানটি জেমিনি সিরিজের অধীনে একটি বিশেষায়িত এআই মডেল উন্মোচন করেছে, যা দ্রুত কোড বিশ্লেষণ করে নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে সহায়তা করবে।

জেমিনি ৩.৫ ফ্ল্যাশ সাইবার নামের এই মডেলটি মূলত বড় এবং ব্যয়বহুল এআই নিরাপত্তা সিস্টেমগুলোর বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। গুগলের দাবি, এটি তুলনামূলক কম খরচে কার্যকর পারফরম্যান্স দিতে সক্ষম।

নতুন এই মডেলটি জেমিনি ৩.৫ ফ্ল্যাশের ওপর ভিত্তি করে তৈরি এবং গুগলের নিরাপত্তা-কেন্দ্রিক কোডিং এজেন্ট ‘কোডমেন্ডার’-এর সঙ্গে একীভূত করা হয়েছে। এর ফলে এআই এজেন্টগুলো দ্রুতগতিতে একাধিকবার কোড স্ক্যান করে সম্ভাব্য ত্রুটি খুঁজে বের করতে পারে এবং প্রয়োজনীয় সমাধানও প্রস্তাব করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে মডেলটি সরকার এবং নির্ভরযোগ্য অংশীদারদের জন্য সীমিত পরিসরে উন্মুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে বাস্তব ব্যবহারে এর কার্যকারিতা যাচাই করা হবে বলে জানিয়েছে গুগল।

বর্তমানে সাইবার নিরাপত্তায় এআই ব্যবহারের ক্ষেত্রে প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো উন্নত ও শক্তিশালী মডেল তৈরিতে জোর দিচ্ছে। তবে এসব মডেলের বেশিরভাগই ব্যয়বহুল হওয়ায় তুলনামূলক সাশ্রয়ী সমাধানের চাহিদাও বাড়ছে।

এ প্রেক্ষাপটে গুগলের এই উদ্যোগকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন, কম খরচে কার্যকর নিরাপত্তা সমাধান দিতে পারলে বাজারে গুগলের অবস্থান আরও শক্তিশালী হতে পারে।

এদিকে গুগল একই সঙ্গে জেমিনি ৩.৬ ফ্ল্যাশ ও ৩.৫ ফ্ল্যাশ লাইটসহ আরও কয়েকটি মডেলও উন্মোচন করেছে, যেগুলো কোডিং, দক্ষতা এবং দ্রুততার দিক থেকে উন্নত পারফরম্যান্স দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে।

সূত্র : দ্য ভার্জ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন