মেমোরি মূল্যবৃদ্ধিতে ভারতের স্মার্টফোন বাজারে অস্থিরতা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২০ জুলাই ২০২৬, ১৭:১৫

মেমোরি মূল্যবৃদ্ধিতে ভারতের স্মার্টফোন বাজারে অস্থিরতা
ছবি : টেকক্রাঞ্চ

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তির বিস্তারের কারণে মেমোরি চিপের চাহিদা বেড়ে যাওয়ায় ভারতের স্মার্টফোন বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। র‍্যাম ও স্টোরেজের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে ফোনের দামে, যার ফলে বিক্রি কমে যাচ্ছে।

বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে ভারতে স্মার্টফোন সরবরাহ প্রায় ১০ শতাংশ কমেছে। গত ছয় বছরের মধ্যে এই সময়ে এটিই সবচেয়ে বড় পতন হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন এআই ডেটা সেন্টারের জন্য উন্নত মেমোরি চিপ উৎপাদনে বেশি মনোযোগ দিচ্ছে। ফলে সাধারণ স্মার্টফোনে ব্যবহৃত র‍্যাম ও স্টোরেজের সরবরাহ কমে যাচ্ছে, যা মূল্যবৃদ্ধির অন্যতম কারণ।

ভারতের বাজারে এই প্রভাব বেশি অনুভূত হচ্ছে, কারণ দেশটির বড় একটি অংশের ক্রেতা কম দামের স্মার্টফোনের ওপর নির্ভরশীল। মেমোরির দাম বাড়ায় এসব ডিভাইসের মূল্য বেড়ে যাওয়ায় অনেক ক্রেতা নতুন ফোন কেনা পিছিয়ে দিচ্ছেন।

বিশ্লেষকদের মতে, আগে যেখানে গড়ে সাড়ে তিন বছরে ব্যবহারকারীরা ফোন পরিবর্তন করতেন, এখন সেই সময় বেড়ে প্রায় চার বছরে পৌঁছাতে পারে। অন্যদিকে উচ্চমূল্যের স্মার্টফোনের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে, কারণ কিস্তি সুবিধা থাকায় ক্রেতাদের ওপর চাপ কম পড়ে

কম দামের ফোনের বাজারে প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। এই বিভাগে বিক্রি উল্লেখযোগ্য হারে কমে গেছে, যা সামগ্রিক বাজারকে আরও চাপে ফেলছে।

এদিকে স্মার্টফোন নির্মাতারাও কৌশল পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। কম মুনাফার কারণে কিছু ব্র্যান্ড লাভজনক বাজারে বেশি মনোযোগ দিচ্ছে এবং কম লাভজনক অঞ্চল থেকে সরে আসার চিন্তা করছে

ভোক্তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। বিভিন্ন মডেলের ফোনের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে কেউ উচ্চমূল্যের ডিভাইসে ঝুঁকছেন, কেউ কেনাকাটা বিলম্বিত করছেন, আবার কেউ ব্যবহৃত ফোনের দিকে ঝুঁকছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, মেমোরি সংকট ও মূল্যবৃদ্ধির এই প্রবণতা অন্তত ২০২৭ সালের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন