অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এলো এক্স
দীর্ঘ প্রায় এক বছরের উন্নয়ন কাজ শেষে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুনভাবে তৈরি অ্যাপ উন্মোচন করেছে এক্স। আগের সংস্করণের সীমাবদ্ধতা দূর করে সম্পূর্ণ নতুন করে তৈরি এই অ্যাপ ব্যবহারকারীদের আরও দ্রুত ও মসৃণ অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এক্সের অ্যান্ড্রয়েড সংস্করণটি দীর্ঘদিন ধরেই আইওএসের তুলনায় পিছিয়ে ছিল। সেই ঘাটতি কাটিয়ে উঠতেই গত বছর অ্যাপটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে একটি বিশেষ প্রকৌশল দল গঠন করে নতুন অ্যাপ তৈরির কাজ শুরু করা হয়।
নতুন অ্যাপটি সম্পূর্ণ শুরু থেকে তৈরি করা হয়েছে। এতে লোডিং, স্ক্রলিং, নোটিফিকেশনসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি আনা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু দ্রুত ও নির্ভরযোগ্যই নয়, ভবিষ্যতে নতুন ফিচার দ্রুত যুক্ত করার সুযোগও তৈরি করবে।
বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা বেশি হওয়ায় এই সংস্করণটি এক্সের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে আগের সমস্যার কারণে যারা প্ল্যাটফর্ম থেকে দূরে সরে গিয়েছিলেন, তাদের আবার ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে এই উদ্যোগ।
তবে এখনও কিছু কাজ বাকি রয়েছে। পুরোনো ডিভাইসে পারফরম্যান্স উন্নত করা এবং লাইভ অডিও সুবিধার পূর্ণ সমর্থন যোগ করার কাজ চলছে। পাশাপাশি ভিডিও সম্পাদনা, ভিডিও দিয়ে প্রতিক্রিয়া জানানোসহ আরও কিছু নতুন সুবিধা শিগগিরই যুক্ত হবে।
বর্তমান ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি হালনাগাদ করে নতুন সংস্করণ ব্যবহার করতে পারবেন।