স্নাতকদের জন্য সেমিকন্ডাক্টর টেস্টিং প্রশিক্ষণ কোর্স চালু
বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য তিন মাসব্যাপী সেমিকন্ডাক্টর টেস্টিং প্রশিক্ষণ কোর্স চালু করেছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)। স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতায় গতকাল (১৫ সেপ্টেম্বর) ঢাকার এআইইউবি বনানী ক্যাম্পাসে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫ জন স্নাতক এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের পাশাপাশি দেশে ও বিদেশে কর্মসংস্থান ও ক্যারিয়ার গড়ার জন্য তাদের প্রস্তুত করাই এ প্রশিক্ষণের লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআইএর সভাপতি এম এ জব্বার। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘সেমিকন্ডাক্টর শিল্প বিশ্বব্যাপী কীভাবে বিকশিত হচ্ছে, তা জানতে হবে। নিজেদের দক্ষতা বাড়াতে কঠোর পরিশ্রম করতে হবে। যথাযথ দক্ষতা ও নিষ্ঠা থাকলে চাকরি ও উদ্যোক্তা উভয় ক্ষেত্রেই সুযোগ তৈরি করা সম্ভব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিসিআইপির ডিইপিডি (ফান্ড ম্যানেজমেন্ট) ও যুগ্মসচিব মাইনুল হাসান। তিনি বলেন, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পের সম্প্রসারণের সঙ্গে এ খাতে ক্যারিয়ারের সুযোগও বাড়ছে। দেশে ও বিদেশে এ খাতে উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে। দক্ষতা উন্নয়নে সরকার সরকারি অর্থ বিনিয়োগ করছে, তাই প্রশিক্ষণের সুযোগ কাজে লাগিয়ে সফল ক্যারিয়ারের জন্য প্রস্তুতি নিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিসিআইপির এইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট) ও উপসচিব মোহাম্মদ আফজাল হোসাইন, বিএসআইএর পরিচালক ও আইটেস্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনির আহমেদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান উজ জামান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএসআইএ-সিসিপি পিআইইউয়ের চিফ কো-অর্ডিনেটর রাশিদুল হাসান। তিনি প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
প্রশিক্ষণার্থীদের পক্ষে শ্রাবণী পাল দীপি ও কামরুল আহসান বক্তব্য দেন। তারা সেমিকন্ডাক্টর টেস্টিং বিষয়ে ব্যবহারিক ও শিল্পখাতভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ ছাড়া সেমিকন্ডাক্টর টেস্টিং প্রশিক্ষণ কোর্স পরিচালনার জন্য বিএসআইএ ও আইটেস্ট বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। বিএসআইএর পক্ষে সভাপতি এম এ জব্বার এবং আইটেস্ট বাংলাদেশ লিমিটেডের পক্ষে পরিচালক মুনির আহমেদ এতে সই করেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিএসআইএর সদস্য এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা সেমিকন্ডাক্টর টেস্টিং প্রশিক্ষণ ল্যাব পরিদর্শন করেন এবং প্রশিক্ষণের জন্য স্থাপিত বিভিন্ন সুযোগ-সুবিধা ও যন্ত্রপাতি সম্পর্কে জানেন।
বিএসআইএ-সিসিপি কর্মসূচির আওতায় আগামী দুই বছরে সেমিকন্ডাক্টর প্রযুক্তির সাতটি বিশেষায়িত বিষয়ে মোট ৩ হাজার ৫০০ জন তরুণ বিশ্ববিদ্যালয় স্নাতককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে শিল্পখাতের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা দিয়ে তাদের দেশ ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হবে।