গুগল ভিডসে এআই ভিডিও তৈরিতে নতুন সুবিধা
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভিডিও তৈরির প্রক্রিয়াকে আরও সহজ করতে গুগল তাদের ‘গুগল ভিডস’ সেবায় একাধিক নতুন সুবিধা যুক্ত করেছে। এই হালনাগাদের ফলে ব্যবহারকারীরা এখন নিজেদের মতো চেহারা ও নিজস্ব কণ্ঠে কথা বলতে পারে এমন ডিজিটাল অবতার তৈরি করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে কেবল একটি সেলফি এবং অল্প সময়ের একটি কণ্ঠ রেকর্ডিং।
নতুন সংস্করণে যুক্ত হয়েছে গুগলের ‘জেমিনি ওমনি’ মডেল, যা লিখিত নির্দেশনা এবং রেফারেন্স ছবি বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করতে পারে। পাশাপাশি ভিডিওর পটভূমি পরিবর্তন, আলোর ভারসাম্য ঠিক করা এবং বিভিন্ন ভিজ্যুয়াল প্রভাব যুক্ত করার সুবিধাও রাখা হয়েছে। ধাপে ধাপে সম্পাদনার সুযোগ থাকায় পুরো ভিডিও নতুন করে তৈরি না করেও পরিবর্তন আনা যাবে।
প্রাথমিকভাবে গুগল ভিডস চালু হয়েছিল অফিস উপস্থাপনা তৈরির একটি সরঞ্জাম হিসেবে। তবে নতুন সুবিধা যুক্ত হওয়ার ফলে এটিকে পূর্ণাঙ্গ এআই ভিডিও তৈরির প্ল্যাটফর্মে রূপ দিতে চায় গুগল। এতে ব্যবসা, প্রশিক্ষণ, শিক্ষা এবং কনটেন্ট নির্মাণে মানসম্মত ভিডিও তৈরি আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
এই আপডেটের মাধ্যমে হেইজেন, সিন্থেসিয়া, ক্যাপশনস এবং ডি-আইডির মতো অন্যান্য এআই ভিডিও প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে গুগল। নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে নতুন ব্যবস্থায়। প্রতিটি ব্যক্তিগত অবতার সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। পাশাপাশি এআই দিয়ে তৈরি ভিডিওতে অদৃশ্য ‘সিন্থআইডি’ ডিজিটাল ওয়াটারমার্ক সংযোজন করা হবে।
শুরুতে এই সুবিধা সীমিত কয়েকটি অঞ্চলের ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। ধাপে ধাপে বিশ্বের অন্যান্য অঞ্চলেও এটি উন্মুক্ত করা হবে।