যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশে নতুন বাধ্যবাধকতা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২১ জুন ২০২৬, ১৭:২৫

যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশে নতুন বাধ্যবাধকতা
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রে ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন বাধ্যবাধকতার পথ খুলে দিয়েছে একটি আপিল আদালতের রায়। এর ফলে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের আগে অভিভাবকের সম্মতি নেওয়া বাধ্যতামূলক হচ্ছে।

আপিল আদালত ২-১ ভোটে আগের একটি নিম্ন আদালতের স্থগিতাদেশ বাতিল করে দেয়। ওই স্থগিতাদেশের কারণে ২০২৪ সাল থেকে আইনটি কার্যকর করা সম্ভব হচ্ছিল না। নতুন রায়ে আদালত বলেছে, আইনটি যুক্তরাষ্ট্রের সংবিধানের বাকস্বাধীনতার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক নয়।

‘সোশ্যাল মিডিয়া প্যারেন্টাল নোটিফিকেশন অ্যাক্ট’ নামে পরিচিত এই আইনে বলা হয়েছে, যেসব ওয়েবসাইটে ১৬ বছরের কম বয়সীদের প্রবেশের সম্ভাবনা রয়েছে, সেসব প্ল্যাটফর্মকে ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে। পাশাপাশি শিশুদের অ্যাকাউন্ট চালু করতে অভিভাবকের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

আইনটির বিরোধিতা করে প্রযুক্তি খাতের সংগঠন নেটচয়েস দাবি করেছে, এটি অস্পষ্ট এবং শিশুদের তথ্যপ্রাপ্তির অধিকার সীমিত করে। তবে আদালতের মতে, শিশুদের সুরক্ষার জন্য আইনটি লক্ষ্যভিত্তিকভাবে প্রণয়ন করা হয়েছে এবং এটি প্রয়োজনীয়।

ওহাইওর অ্যাটর্নি জেনারেল অ্যান্ডি উইলসন বলেন, ‘এই রায় অভিভাবকদের সন্তানের অনলাইন কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ দেবে।’ অন্যদিকে নেটচয়েস জানিয়েছে, তারা এখনো এই আইনকে অসাংবিধানিক মনে করে এবং ভবিষ্যতে এটি বাতিল হবে বলে আশাবাদী।

বিশ্বজুড়ে শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় বিভিন্ন দেশ সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের দিকে ঝুঁকছে। বিশ্লেষকদের মতে, এই রায় যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যেও একই ধরনের আইন প্রণয়নে প্রভাব ফেলতে পারে।

সূত্র : রয়টার্স

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন