গেমিং এআই উন্নয়নে আলাদা কোম্পানি গঠন করেছে স্ন্যাপ

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২১ জুন ২০২৬, ১৪:০৬

গেমিং এআই উন্নয়নে আলাদা কোম্পানি গঠন করেছে স্ন্যাপ
ছবি : রয়টার্স

স্ন্যাপ তার অভ্যন্তরীণ জেনারেটিভ এআই ভিডিও টিমকে আলাদা করে নতুন একটি স্বতন্ত্র কোম্পানি গঠন করেছে, যার নাম ডটমো। নতুন কোম্পানিটি মূলত এআই মডেল তৈরি করবে, যা ইন্টারঅ্যাকটিভ গেমিং অভিজ্ঞতা ও কনটেন্ট তৈরি করতে সক্ষম হবে বলে জানিয়েছে স্ন্যাপ।

স্ন্যাপ বলছে, এই ধরনের গবেষণা ও উন্নয়ন স্ন্যাপের ভেতরে চালিয়ে যাওয়া ব্যয়বহুল হয়ে উঠছিল। তাই খরচ নিয়ন্ত্রণ এবং উন্নয়নকে আরও ফোকাসড করতে আলাদা উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে ডটমো সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়। স্ন্যাপ জানিয়েছে, তারা নতুন কোম্পানিটিকে তাদের প্রযুক্তি ব্যবহার ও অভিযোজনের লাইসেন্স দেবে, যা গেমিং ও ইন্টারঅ্যাকটিভ বিনোদন প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে। একই সঙ্গে ডটমোর প্রাথমিক টিম গঠিত হচ্ছে স্ন্যাপেরই কিছু কর্মী দিয়ে, যারা কোম্পানি ছেড়ে নতুন উদ্যোগে যোগ দিচ্ছেন।

অর্থায়নের দিক থেকে ডটমো সরাসরি স্ন্যাপের তহবিল পাচ্ছে না। তবে স্ন্যাপের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ববি মারফি ব্যক্তিগতভাবে এতে প্রধান বিনিয়োগকারী হিসেবে থাকছেন এবং কোম্পানিতে তার উল্লেখযোগ্য অংশীদারিত্ব থাকবে। যদিও তিনি স্ন্যাপে পূর্ণকালীন দায়িত্বে থেকে জেনারেটিভ এআই গবেষণা ও উন্নয়নও চালিয়ে যাবেন।

চুক্তি অনুযায়ী, ডটমোর উন্নয়ন ও প্রযুক্তি লাইসেন্সের বিনিময়ে স্ন্যাপ নতুন কোম্পানিতে একটি বড় ইকুইটি অংশীদারিত্ব পাচ্ছে। ভবিষ্যতে ডটমো বাইরের বিনিয়োগও নিতে পারে বলে জানানো হয়েছে।

এর আগে ২০২৬ সালের শুরুতে স্ন্যাপ তাদের স্পেকস নামের আরেকটি ইউনিট আলাদা কোম্পানি হিসেবে স্পিনঅফ করেছিল, যা স্মার্ট গ্লাসেস উন্নয়নে কাজ করছে। একই বছরে কোম্পানিটি প্রায় এক হাজার কর্মী ছাঁটাইও করে।

স্ন্যাপ বলছে, ডটমো মূল ব্যবসার বাইরে থাকা একটি বিশেষ প্রযুক্তি ক্ষেত্র নিয়ে কাজ করবে। ভবিষ্যতে প্রয়োজনে এটি স্ন্যাপের অংশীদার হিসেবেও কাজ করতে পারে।

স্পিনঅফের মাধ্যমে স্ন্যাপ ব্যয় কমানোর পাশাপাশি সম্ভাবনাময় এআই প্রযুক্তিতে আলাদা গতি দিতে চাইছে, যাতে ভবিষ্যতে বড় বাণিজ্যিক সুযোগ তৈরি হয়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন