৬০ বিলিয়ন ডলারে এআই কোডিং স্টার্টআপ কার্সর কিনছে স্পেসএক্স
এলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স ৬০ বিলিয়ন ডলারের শেয়ার-বিনিময় চুক্তিতে এআই কোডিং স্টার্টআপ কার্সর অধিগ্রহণের ঘোষণা দিয়েছে। প্রযুক্তি খাতে এটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় চুক্তি হিসেবে দেখা হচ্ছে।
স্পেসএক্স জানিয়েছে, এই অধিগ্রহণ সম্পন্ন হলে প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা আরও শক্তিশালী হবে এবং ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা আরও জোরদার করা সম্ভব হবে। কোম্পানিটি আশা করছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চুক্তিটি সম্পন্ন হবে।
কার্সর মূলত একটি জনপ্রিয় এআই কোডিং টুল, যা সফটওয়্যার ডেভেলপারদের কোড তৈরি, সম্পাদনা ও রিভিউ করতে সহায়তা করে। ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে এবং গত বছর বার্ষিক ১ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব অর্জনের কথা জানায়।
বাজার বিশ্লেষকদের মতে, এআই কোডিং টুলের বাজারে কার্সরের অংশীদারত্ব কমে এলেও এটি এখনো গুরুত্বপূর্ণ প্রতিযোগি। একাধিক তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে এই খাতে অ্যানথ্রপিকের আধিপত্য বেড়েছে।
স্পেসএক্স বলেছে, এই চুক্তির মাধ্যমে তারা এআই-ভিত্তিক সফটওয়্যার উন্নয়ন এবং মহাকাশ প্রযুক্তির মধ্যে আরও গভীর সমন্বয় তৈরি করতে চায়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক্স-এ দেওয়া পোস্টে বলা হয়, কার্সরের টিমের সঙ্গে কাজ করে ফ্রন্টিয়ার এআই সক্ষমতা আরও এগিয়ে নেওয়া হবে।
এদিকে স্পেসএক্সের সাম্প্রতিক শেয়ার বাজার কার্যক্রমে শক্তিশালী অবস্থান লক্ষ্য করা গেছে। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার প্রায় ১৬ শতাংশ বৃদ্ধি পায়, যার ফলে বাজারমূল্যে এটি যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে আরও উপরের দিকে উঠে আসে।
চুক্তি অনুযায়ী, স্পেসএক্স শেয়ার ইস্যুর মাধ্যমে কার্সরকে অধিগ্রহণ করবে। তবে নিয়ন্ত্রক অনুমোদনসহ কিছু শর্ত পূরণ সাপেক্ষে আগামী কয়েক মাসের মধ্যে এই চুক্তি সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই অধিগ্রহণ শুধু স্পেসএক্সের এআই কৌশলকেই নয়, বরং বৃহত্তর প্রযুক্তি প্রতিযোগিতাকেও নতুন মাত্রা দেবে, যেখানে ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগলের মতো প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে শক্ত অবস্থানে রয়েছে।