বৈশ্বিক বিভ্রাটে থমকে গেছে গুগলের জেমিনি সেবা
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী জেমিনি বৈশ্বিকভাবে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ওয়েব, অ্যান্ড্রয়েড, আইওএস ও ক্রোমসহ একাধিক প্ল্যাটফর্মে সেবা ব্যবহার করতে সমস্যায় পড়ছেন।
বুধবার সকাল থেকেই এই বিভ্রাট শুরু হয় বলে জানা গেছে। ব্যবহারকারীরা লগ-ইন ও প্রশ্ন করার সময় ‘সামথিং ওয়েন্ট রং’ বার্তা এবং বিভিন্ন ত্রুটি কোড দেখতে পাচ্ছেন। অনলাইন পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টর অনুযায়ী, ভোর থেকে সমস্যার অভিযোগ দ্রুত বাড়তে থাকে।
গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় স্থানীয় সময় ভোর ৬টা ২৬ মিনিটে প্রথম এই সমস্যার সূচনা হয়। পরে সকাল ৮টা ৪০ মিনিটে প্রতিষ্ঠানটি বিষয়টি স্বীকার করে জানায়, এটি একটি ‘সার্ভিস ডিসরাপশন’, অর্থাৎ সম্পূর্ণ বন্ধ নয় বরং আংশিক বিঘ্ন।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, প্রকৌশলীরা সমস্যার সম্ভাব্য কারণ শনাক্ত করে সমাধানের কাজ করছেন এবং আংশিক উন্নতির ইঙ্গিত পাওয়া গেছে। তবে এখনো পুরোপুরি সেবা স্বাভাবিক হওয়ার নির্দিষ্ট সময় জানানো হয়নি।
গুগল আরও জানিয়েছে, বর্তমানে কোনো বিকল্প ব্যবস্থা চালু নেই। ফলে বৈশ্বিকভাবে বহু ব্যবহারকারী সাময়িক ভোগান্তির মুখে পড়েছেন।