মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের কার্যালয়ে হামলা ও লুট, আহত ২
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের করপোরেট অফিসে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গতকাল (মঙ্গলবার) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তৃতীয় তলায় অবস্থিত ওই অফিসে একদল মুখোশধারী ঢুকে পড়ে। আকস্মিক এ ঘটনায় দুইজন কর্মী আহত হন এবং অফিস থেকে বিভিন্ন সরঞ্জাম ও নগদ মূল্যবান সামগ্রী নিয়ে যায় হামলাকারীরা। পরে আহতদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০ থেকে ২৫ জনের একটি দল মুখ ঢেকে প্রথমে ভবনের ভেতরে প্রবেশ করে সরাসরি অফিসে উঠে যায়। সেখানে ঢুকেই তারা প্রতিষ্ঠানটির মালিক প্রদীপ ঢালী এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. মিঠু হাওলাদারকে খোঁজ করতে থাকে।
অফিসে থাকা অ্যাকাউন্টস ম্যানেজার মো. ইব্রাহিম হাওলাদার এবং ইলেকট্রিশিয়ান মো. জালাল হামলাকারীদের পরিচয় ও উদ্দেশ্য জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তাদের দুজনকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা অফিস থেকে একটি সিপিইউ, একটি ওয়াই-ফাই রাউটার এবং একটি মোবাইল ফোন নিয়ে যায়। এসব সামগ্রীর মোট মূল্য আনুমানিক ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
ঘটনার সময় উপস্থিত কর্মীদের ভয়ভীতি দেখিয়ে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে বলে অভিযোগে দাবি করা হয়।
এ ঘটনায় প্রতিষ্ঠানের করপোরেট কো-অর্ডিনেটর মো. ছগির হোসাইন আসিফ মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান।