ডব্লিউডব্লিউডিসি ২০২৬
সিরিকে আরও স্মার্ট করতে বড় পদক্ষেপ অ্যাপলের
অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি ২০২৬ শুরু হতে যাচ্ছে আগামীকাল (৮জুন) সোমবার। অ্যাপল ডেভেলপার অ্যাপ, অ্যাপলের ওয়েবসাইট এবং অ্যাপল ডেভেলপার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। সম্মেলন সামনে রেখে প্রযুক্তি দুনিয়ায় তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
সিরির বড় এআই আপগ্রেডের পরিকল্পনা
এবারের সম্মেলনে সবচেয়ে আলোচিত ঘোষণা হতে পারে সিরির বড় ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আপগ্রেড। নতুন সিরি আরও কথোপকথনমুখী হবে, ব্যবহারকারীর প্রেক্ষাপট বুঝতে পারবে এবং একাধিক ধাপে কাজ সম্পন্ন করতে সক্ষম হবে। অ্যাপের বিভিন্ন সেবা ও ফিচারের সঙ্গে আরও স্বাভাবিকভাবে কাজ করার ক্ষমতাও যুক্ত হবে এতে। সিরির এই নতুন সংস্করণে গুগলের জেমিনি প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানা গেছে।
ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অ্যাপল একটি স্বতন্ত্র সিরি অ্যাপ তৈরির পরিকল্পনাও করছে, যা চ্যাটজিপিটি, ক্লড এবং জেমিনির মতো এআই চ্যাটবটগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে। পাশাপাশি মেসেজিং অ্যাপের মতো একটি সুবিধা যুক্ত হতে পারে, যেখানে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে বার্তা মুছে যাওয়ার ব্যবস্থা পাবেন, যেমন ৩০ দিন, এক বছর বা স্থায়ীভাবে সংরক্ষণ।
এআই এজেন্ট ও অ্যাপ স্টোর ইন্টিগ্রেশন
দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপ স্টোরে এআই এজেন্ট ইন্টিগ্রেশন আনার পরিকল্পনা করছে অ্যাপল। এসব এজেন্ট ব্যবহারকারীর হয়ে বুকিং, দৈনন্দিন কাজ ব্যবস্থাপনা, ডকুমেন্ট সম্পাদনা এবং স্মার্ট হোম নিয়ন্ত্রণের মতো কাজ করতে পারবে।
ক্যামেরা ও ফটোস অ্যাপে নতুন ফিচার
ক্যামেরা অ্যাপে যুক্ত হতে পারে নতুন ‘ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স’ বিভাগ, যা আগের ক্যামেরা কন্ট্রোল বাটনের ফিচারের জায়গা নেবে। এতে থাকবে আলাদা সিরি মোড, যা ফটো, ভিডিও, পোর্ট্রেট ও প্যানোরামার পাশাপাশি কাজ করবে। এই ফিচার ছবির ভেতরের বস্তু শনাক্ত করতে গুগল ইমেজ সার্চ ব্যবহার করবে।
ফটোস অ্যাপেও আসছে বড় আপডেট। এতে থাকবে এআইভিত্তিক দৃশ্য সাজেশন, অবাঞ্ছিত বস্তু স্বয়ংক্রিয়ভাবে অপসারণ এবং ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী ছবি সম্পাদনার সুবিধা। ভিশনওএসে নতুন প্রোডাক্টিভিটি ফিচার যুক্ত হতে পারে।
ইমেজ প্লেগ্রাউন্ডে আপডেট
ইমেজ প্লেগ্রাউন্ড অ্যাপে আসছে উন্নতমানের ছবি তৈরির সুবিধা, আরও শিল্পসম্মত স্টাইল, চরিত্রের ধারাবাহিকতা উন্নয়ন এবং সহজ এডিটিং কন্ট্রোল। নতুন সংস্করণে “ডিসক্রাইব এ চেঞ্জ” অপশনও থাকবে।
এছাড়া জেনমোজি ফিচার ব্যবহারকারীর ছবি ও টেক্সট বিশ্লেষণ করে নতুন ইমোজি সাজেস্ট করতে পারবে। এআইভিত্তিক ওয়ালপেপার তৈরির সুবিধাও যুক্ত হতে পারে।
অ্যাপল ওয়ালেটেও নতুন সুবিধা
অ্যাপল ওয়ালেটে যুক্ত হতে পারে বিল ভাগাভাগির সুবিধা, যেখানে রসিদ ছবি তুলে একাধিক ব্যক্তির মধ্যে খরচ ভাগ করা যাবে। পাশাপাশি ‘ক্রিয়েট এ পাস’ ফিচারের মাধ্যমে সিনেমা টিকিট, কনসার্ট পাস বা জিম কার্ডের মতো জিনিস থেকে ডিজিটাল পাস তৈরি করা যাবে।
বিভিন্ন অপারেটিং সিস্টেমে এআই উন্নয়ন
ম্যাকওএস, আইপ্যাডওএস, ভিশনওএস, ওয়াচওএস ও টিভিওএসেও সিরির এআই সক্ষমতা আরও উন্নত করা হবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন এআই ফিচার ও স্থিতিশীলতা উন্নয়নের আপডেট আসতে পারে।
সূত্র : টেকক্রাঞ্চ